বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, তানোর: রাজশাহীর তানোরে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ ও মশাল মিছিলে বাঁধা দেয়ায় দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ উপজেলা এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়। বিআরডিবির একটি মাইক্রো ভাংচুরের ঘটনাও ঘটছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এঘটনায় সাধারণ পথচারীসহ উভয় পক্ষের কম পক্ষে ১৫ জন আহত হয়েছেন। তবে, কারো নাম পাওয়া যায়নি। আহতরা বিভিন্ন ফার্মেসীতে প্রাথমিক চিকিৎসা নেয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যায় তানোর পৌর সভা ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের রাস্তার সামনে ঘটে এই ঘটনা।
প্রত্যক্ষদর্শী পুলিশ ও দলীয় নেতা-কর্মী সূত্রে জানা গেছে, রাজশাহী-১ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত সুলতানুল ইসলাম তারেক ও বিএনপির মনোনয়ন পাওয়া শরীফ উদ্দিনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় আঁধা ঘণ্টাব্যাপী চলা ধাওয়া পাল্টা ধাওয়া পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে এ ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। রাজশাহী-১ আসনে মনোনয়ন পেয়েছেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মেজর জেনারেল (অবসর প্রাপ্ত) শরীফ উদ্দিন। তার মনোনয়ন বাতিল দাবিতে কিছুদিন ধরেই আন্দোলন করে আসছেন সুলতানুল ইসলাম তারেক।
মঙ্গলবার সন্ধ্যায় সুলতানুল ইসলাম তারেকের সমর্থকরা তানোর উপজেলা ডাক বাংলো মাঠ থেকে মশাল মিছিল নিয়ে নিয়ে পৌর সভার সামনে আসলে শরিফ উদ্দিনের সমর্থকরা বাঁধা দেয়। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। তানোর উপজেলা যুবদল যুগ্ন আহবায়ক তারেক গ্রুপের আতিকুর রহমান আতিক বলেন, আমরা শান্তিপূর্ণভাবে মশাল মিছিল বের করে হঠাৎ করেই আমাদের মিছিলে বাঁধা দিয়ে অতর্কিত হামলা চালানো হয়। তিনি বলেন, তাদের পক্ষের বেশ কিছু নেতাকর্মী আহত হয়েছেন।
তানোর পৌর সভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান বলেন, আমরা সবাই ধানের শীতের পক্ষের লোক। কেন্দ্র থেকে শরীফ সাহেবের নাম ঘোষণা হয়েছে। আমরা সবাই একযোগে শরীফ পক্ষে কাজ করব। বিএনপি’র বিপক্ষে বিএনপি মিছিল করে এলাকার পরিবেশ ঘোলানোর চেষ্টা করছে। আমাদের লোকজন তাদের কাছে মিছিল না করার জন্য বলতে গিয়েছিল।
মিছিল থেকে তার কর্মীদের উপর হামলা চালানো হয়েছে। এই হামলায় বেশ কিছু নেতা আহত হয়েছেন বলেও জানান তিনি। তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, বিএনপির দুইপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। এলাকায় এখন শান্ত রয়েছে জানিয়ে তিনি বলেন কেউ কোন অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।