, , ।
আক্কেলপুর প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুরে দিনের বেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবনের তালা কেটে তিনটি বাসায় চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার বলা ১১ টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ ঘটনায় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের আবাসিক এলাকায় স্বাস্থ্য সহকারী নসিবুল ইসলাম পিকুল থাকতেন। তার বাসায় প্রথমে দুই জন প্রবেশ করে ঘরের আসবাব পত্র তছনছ করে স্বর্ণের ২টি সোনার হাতের চুরি, গলার ২টি মালা, এক জোড়া কানের দুল, একটি হাতের আংটি, ২টি স্মার্ট ফোন ও নগদ ১৫ হাজার টাকা চুরি করে।
পরে হাসপাতালের সেবিকা (নার্স) লিলিমা মারান্ডীর বাসা থেকেও একটি স্মার্ট মোবাইল চুরি হয়। আরেক জন সেবিকা (নার্স) আঞ্জুয়ারার বাসাতেও একই সময় চুরির ঘটনা ঘটে। তবে তিন বাসায় না থাকায় তার ক্ষয়ক্ষতির পরিমাণ কেউ নিশ্চিত করতে পারেননি।
স্বাস্থ্য সহকারী নসিবুল ইসলাম পিকুল বলেন, আমি ও আমার স্ত্রী অফিসে ছিলাম। বাসায় কেউ ছিল না। সে সময় আমার বাসার তালা কেটে ঘরের আসবাবপত্র তছনছ করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি হয়েছে। একই সময় আরও দুই বাসায় চুরির ঘটনা ঘটেছে। সরকারি আবাসিক কোয়ার্টারে থেকেও নিরাপদ নয় আমরা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু শফি মাহমুদ বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজে দুই জন ব্যক্তিকে হাসপাতালের আবাসিকে প্রবেশ করতে দেখা গেছে। তবে তাদের শনাক্ত করা যাচ্ছে না।
দিনের বেলা এমন চুরি ঘটনায় আমরা নিরাপত্তাহীতায় ভুগছি। এ বিষয়ে থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
আক্কেলপুর থানার উপ-পরিদর্শক গণেশ চন্দ্র রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। আমরা পরিদর্শন করেছি। এ ঘটনায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।