, , ।
স্টাফ রিপোর্টার:
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গত শুক্রবারে সংঘটিত ৫.৭ মাত্রার ভূমিকম্পের পরবর্তী করণীয় নির্ধারণে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) একটি জরুরি সভার আয়োজন করেছে। মঙ্গলবার সকালে আরডিএ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান তুহিনুর আলম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ নিয়ামুল বারী এবং অধ্যাপক ড. আবু সুফিয়ান মোঃ জিয়া হাসান। এছাড়াও আরডিএ’র অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় ভূমিকম্পসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে ভবন নির্মাণে ‘আর্থকোয়েক লোড’ বিবেচনায় নিয়ে সঠিক স্ট্রাকচারাল ডিজাইন প্রণয়ন এবং সেই অনুযায়ী নির্মাণ কাজ করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়। অধ্যাপক ড. মোঃ নিয়ামুল বারী ভূমিকম্পের পূর্বে ও পরে করণীয় সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা আয়োজন, এবং কনসালটেন্ট ও স্টেকহোল্ডারদের প্রশিক্ষণের ব্যবস্থা করার গুরুত্ব তুলে ধরেন।
সভায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় সেগুলো হলো, আরডিএ’র তালিকাভুক্ত কনসালটেন্ট ও স্টেকহোল্ডারদের জন্য প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন, ভবন নির্মাণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর কর্তৃক অনুমোদিত ফায়ার সেফটি প্লান যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ ও যাচাই, আরডিএ’র অধিক্ষেত্র এলাকায় ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা প্রস্তুত করা।
সভায় উপস্থিত কর্মকর্তারা জানান, ভবিষ্যতে ভূমিকম্পের ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তি ও সচেতনতার বিকল্প নেই। জনসাধারণ এবং নির্মাণসংশ্লিষ্ট সব পক্ষকে একসাথে কাজ করার আহ্বান জানানো হয় এবং অতিসম্প্রতি সিটি কর্পোরশন সহ সকল স্টেকহোল্ডারদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হবে।
সানশাইন /শামি