বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের টেলকি সাইনবোর্ড রসুলপুর মোড় এলাকায় রবিবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ঘাটাইল উপজেলার পশ্চিম পাকুটিয়া গ্রামের মোখলেছুর রহমান মুকুলের ছেলে ইয়াসিন হোসেন (২৭) এবং বরিশালের চরফ্যাশন উপজেলার রাকিব (২৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যার পর মোটরসাইকেলটি মধুপুর বনাঞ্চলের টেলকি রসুলপুর মোড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ও আরোহীর মৃত্যু হয়।
মধুপুর থানার ওসি এমরানুল কবীর জানান, মোটরসাইকেলটি অতিরিক্ত গতিতে চলছিল বলে ধারণা করা হচ্ছে। নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের স্বজনের কাছে হস্তান্তর করা হবে।