বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রির্পোটার: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় কোটি টাকা মূল্যের এক কেজি হেরোইনসহ মো. সিয়াম (১৯) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার দিবাগত রাত ১১টায় উপজেলার মাদারপুর ডিমভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব-৫ এর রাজশাহীর একটি দল। গ্রেপ্তার সিয়াম মাদারপুর ডিমভাঙ্গা এলাকার হাবিবুর রহমানের ছেলে। সোমবার সকালে র্যাব-৫ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ। তিনি জানান, সিয়াম দীর্ঘদিন ধরে সীমান্তের প্রত্যন্ত চর এলাকা থেকে হেরোইনের চালান এনে নিজ বাড়িতে রাখতেন। পরে সেই মাদক বিভিন্ন অঞ্চলে সরবরাহ করতেন।
র্যাবের অভিযানের আগের দিনও তিনি পদ্মার চর এলাকা থেকে হেরোইনের একটি চালান সংগ্রহ করে বাড়ির চালের ভেতরে লুকিয়ে রাখেন। পরবর্তীতে র্যাব সদস্যরা উপস্থিত সাক্ষীদের সামনে ওই হেরোইন উদ্ধার করেন। তিনি জানান, সিয়াম মাদক ব্যবসায়ী। তাকে আটক করতে এর আগেও একাধিকবার চেষ্টা করা হলেও তিনি প্রতিবারই আত্মগোপনে চলে যেতেন। এবার তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।