, , ।
স্টাফ রির্পোটার: রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির “মিলনায়তনে” রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এবং কনজুমারস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) রাজশাহীর যৌথ উদ্যোগে ব্যবসায়ী সমন্বয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব (পিআরএল) ও কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সভাপতি এ.এইচ.এম সফিকুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ সুমন, রাজশাহী বিভাগের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক ইব্রাহীম হোসেন।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু। সঞ্চালনায় ছিলেন গোলাম মোস্তাফা মামুন, সাধারণ সম্পাদক, ক্যাব। প্রধান অতিথি তার বক্তবে বলেন “ভোক্তা অধিকার রক্ষা এবং বাজারে সুশৃংখল পরিবেশ নিশ্চিত করতে ব্যবসায়ী ও ভোক্তাদের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরি। ক্যাব কখনোই ব্যবসায়ীদের প্রতিপক্ষ নয়। আমরা চাই বাজারে স্বচ্ছতা, জবাবদিহিতা ও ন্যায্য মূল্য নিশ্চিত হোক, যাতে ব্যবসায়ী ও ভোক্তা উভয়ই উপকৃত হয়। কিন্তু ব্যবসার নামে কোনো দুষ্টু চক্র যদি ভোক্তাদের ক্ষতি করার অপচেষ্টা চালায়, তাহলে তাদের বিরূদ্ধে আমাদের সোচ্চার হতেই হবে। তিনি আরও বলেন “সফল ব্যবসা মানে শুধু লাভ নয় মানুষের আস্থা অর্জন করাও একটি বড় অর্জন। তাই ব্যবসায়ীদের হালাল ও নৈতিক পন্থায় ব্যবসা পরিচালনার প্রতি বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। নকল পণ্য, অতিরিক্ত মূল্য, ওজন কম দেওয়া কিংবা ভেজাল এসব পন্থা সাময়িক লাভ দিলেও দীর্ঘমেয়াদে বাজারে নেতিবাচক প্রভাব ফেলে। ক্যাব ব্যবসায়ীদের পাশে থেকে বাজার ব্যবস্থাকে আরও ভোক্তা-বান্ধব করতে সহায়তা করতে চায়।”
রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু বলেন, ব্যবসায়ীরা অনেক সময়ই ভোক্তা অধিকার সংক্রান্ত আইন সম্পর্কে পুরোপুরি অবগত থাকেন না। নিয়ম মেনে ব্যবসা করলে ব্যবসার সুনাম বাড়ে ও ভোক্তার আস্থা বৃদ্ধি পায়। যারা সরকারী নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করছেন না তাদের কারণে প্রকৃত ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হচ্ছে।
অনুষ্ঠানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী বিভাগের উপপরিচালক ইব্রাহীম হোসেন বলেন, বাজারে নানা অনিয়মের বিরুদ্ধে প্রশাসন ও ক্যাব যৌথ ও নিয়মিতভাবে কাজ করছে। ভোক্তার অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিষয়েও তিনি আলোকপাত করেন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালকবৃন্দ সর্বজনাব রিয়াজ আহমেদ খান, মাসুম সরকার, নজরুল ইসলাম হেলাল এবং এস.এম আইয়ুব। এছাড়া আরোও উপস্থিত ছিলেন বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।