বাঘায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা মামলায় স্বামী সুরুজ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, বাঘা: রাজশাহীর বাঘায় স্ত্রীর শরীরে ডিজেল ঢেলে আগুনে পুড়িয়ে চাঞ্চল্যকর হত্যাকান্ড মামলার প্রধান আসামী গৃহবধূ অনন্যা খাতুনের স্বামী সুরুজ আলীকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে ঢাকা মহানগর পল্লবী থানাধীন মিরপুর-১২ লালডেগ নামক এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ছদ্মবেশে রিকসা চালাচ্ছিলেন বলে নিশ্চিত করেছে পুলিশ।
মামলার তদন্তকারি কর্মকর্তা বাঘা থানা পুলিশের উপ-পরিদর্শক প্রদ্যুৎ কুমার প্রামানিক জানান, শুক্রবার ২১ নভেম্বর দিবাগত রাতে র‌্যাব-৪ ও পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। পরে থানায় আনা হয়। শনিবার তাকে ৭ দিনের রিমেন্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। ধৃত সুরুজ আলী বাঘা পৌর সভার চক নারায়ণপুর গ্রামের শহিদুল মাঝির ছেলে। চলতি মাসের ১ তারিখে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, মাদকাসক্ত সুরুজ বিয়ের পর থেকে বিভিন্ন সময় নেশার টাকা ও যৌতুকের দাবিতে তার স্ত্রীকে নির্যাতন করতেন। মৃত্যুর আগে গৃহবধূ তার মাকে ফোন করে নির্যাতনের বিষয়টি জানান। হত্যাকাণ্ডের পর সুরুজ আত্মগোপনে চলে যান।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফম আছাদুজ্জামান জানান, গ্রেপ্তার সুরুজকে শনিবার ২২ নভেম্বর আদালতে সোপর্দ করা হয়েছে। মামলায় জড়িত অন্যদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রযেছে।


প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৫ | সময়: ৫:৩৮ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর