, , ।
স্পোর্টস ডেস্ক: মুশফিকময় হয়েই থাকল বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট।বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নেমেছেন মুশফিকুর রহিম। সেঞ্চুরিতে নাম লেখালেন ইতিহাসের পাতায়। ম্যাচ জিতে সেটা ইতিহাসটা আরও একটু সমৃদ্ধ করেছেন তিনি। বাংলাদেশের অভিজ্ঞ এই ক্রিকেটারের নাম উঠে গেছে ইনজামাম উল হক, রিকি পন্টিং, ডেভিড ওয়ার্নারদের মতো কিংবদন্তিদের পাশে।
আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২১৪ বলে ১০৬ রান করেন মুশফিক। তিন অঙ্ক ছুঁয়ে টেস্ট ইতিহাসের ১১তম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরির কীর্তি গড়েছেন। বাংলাদেশ ২১৭ রানে ম্যাচ জেতায় মুশফিক বসেছেন কিংবদন্তি ক্রিকেটারদের পাশে। শততম টেস্টে সেঞ্চুরি করে জয় পাওয়া অষ্টম ক্রিকেটার এখন তিনি। মুশফিকের আগে এই তালিকায় নাম লিখিয়েছেন গর্ডন গ্রিনিজ, ইনজামাম উল হক, রিকি পন্টিং, গ্রায়েম স্মিথ, হাশিম আমলা, জো রুট ও ডেভিড ওয়ার্নার।
আয়ারল্যান্ডের ব্যাটাররা আজ পঞ্চম দিনে যেভাবে মাটি কামড়ে ব্যাটিং করছিলেন, সেটা অনেকটা প্রাগৈতিহাসিককালের টেস্টের কথা মনে করিয়ে দিয়েছে। মুশফিকের শততম টেস্টে জয় কেবল সময়ের অপেক্ষা হলেও প্রতিপক্ষের শেষ ৪ উইকেট ফেলতে বাংলাদেশকে শেষ দিনে ৫৯.৩ ওভার বোলিং করতে হয়েছে। দ্বিতীয় ইনিংসে ১১৩.৩ ওভারে ২৯১ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। বাংলাদেশের ২১৭ রানের জয়ে ম্যাচসেরার পুরস্কার উঠেছে মুশফিকের হাতে। প্রথম ইনিংসে ১০৬ রানের পর দ্বিতীয় ইনিংসে ৫৩ রান করে অপরাজিত থাকেন তিনি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার বলেন,‘সৃষ্টিকর্তাকে ধন্যবাদ আমাকে এমন সুযোগ করে দেওয়ার জন্য। এত দূর পর্যন্ত এসেছি (১০০ টেস্ট খেলেছি)। দেশের হয়ে ১০০ টেস্ট খেলাটা গর্বের মনে করছি। সতীর্থদের সঙ্গে এমন দারুণ মুহূর্ত শেয়ার করতে পেরে ভালো লাগছে।’
২০০৫ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ১৮ বছর বয়সে টেস্টে অভিষেক হয়। বেবি ফেসের সেই মুশফিক দেখতে দেখতে ২০ বছর পার করে ফেলেছেন। আজ ১০০ টেস্ট খেলার পরও তাঁর মনে হচ্ছে আয়ারল্যান্ডের বিপক্ষে এই ম্যাচটা তাঁর অভিষেক ম্যাচ। আইরিশদের বিপক্ষে ২১৭ রানে জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুশফিক বলেন, ‘প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করেছি। মনে হচ্ছিল যেন ক্যারিয়ারের প্রথম ম্যাচ খেলছি। আরও খেলতে চাই।’
টেস্ট ইতিহাসের ১৪৮ বছরের ইতিহাসে শততম টেস্ট খেলেছেন ৮৪ ক্রিকেটার। তাঁদের মধ্যে ১১ ক্রিকেটার শততম টেস্টে সেঞ্চুরি করেছেন। সেই ১১ ক্রিকেটারের মধ্যে মাইকেল কলিন কাউড্রে, জাভেদ মিয়াঁদাদ, অ্যালেক স্টুয়ার্ট—এই ত্রয়ীই শুধু জয় পাননি। তাঁদের শততম টেস্টে সেঞ্চুরির ম্যাচগুলোতে দল ড্র করেছে।