, , ।
স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের পেস আক্রমণের সামনে আবারও তাসের ঘরের মতো ভেঙে পড়ল ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপ। হ্যামিল্টনে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৪ উইকেটের জয়ে ৩-০ ব্যবধানে সফরকারীদের হোয়াইটওয়াশ করল কিউইরা। এই জয়ে ঘরের মাঠে টানা ১১টি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জেতার অনন্য নজির গড়ল ব্ল্যাক ক্যাপরা।
শনিবার সেডন পার্কে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই স্বাগতিক পেসারদের তোপের মুখে পড়ে ক্যারিবীয়রা। ম্যাট হেনরির আগুনের গোলার সামনে মাত্র ১৬১ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস, অব্যবহৃত থাকে প্রায় ১৪ ওভার। হেনরি ৪৩ রান খরচায় তুলে নেন ৪ উইকেট। তাকে যোগ্য সঙ্গ দেন কাইল জেমিসন ও জ্যাক ফোকস। জেমিসনের বাউন্স আর শর্ট বলের কৌশলে দিশেহারা হয়ে পড়ে উইন্ডিজ ব্যাটাররা। দলের হয়ে রোস্টন চেজ সর্বোচ্চ ৩৮ রান করেন।
১৬২ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মোটেও স্বস্তিদায়ক ছিল না স্বাগতিকদের। জেডেন সিলস ও ম্যাথু ফোর্ডের বোলিং তোপে ৭০ রানেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে নিউজিল্যান্ড। ইনজুরির কারণে দলে ছিলেন না নির্ভরযোগ্য ব্যাটার ড্যারিল মিচেল। ডেভন কনওয়ে, উইল ইয়াং ও টম ল্যাথামরা দ্রুত ফিরে গেলে ম্যাচে উত্তেজনা তৈরি হয়।
তবে পঞ্চম উইকেটে মার্ক চাপম্যান ও মাইকেল ব্রেসওয়েল দলের হাল ধরেন। শুরুতে ধীরস্থির থাকলেও পরে গিয়ার পালান চাপম্যান। ফোর্ডের এক ওভারে টানা তিনটি বাউন্ডারি ও একটি ছক্কা হাঁকিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। চাপম্যানের ৬৪ রানের দুর্দান্ত ইনিংস এবং ব্রেসওয়েলের অপরাজিত ৪০ রানে ভর করে মাত্র ৩০.৩ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড। তাদের দুজনের ব্যাট থেকে আসে মাত্র ৪৮ বলে ৭৫ রানের ঝড়ো জুটি। ২০২০ সালের শুরু থেকে ঘরের মাঠে এ নিয়ে মাত্র দুটি ওয়ানডে হেরেছে নিউজিল্যান্ড, যা তাদের ঘরের মাঠের আধিপত্যের প্রমাণ দেয়।