রাসিকের নবাগত প্রশাসকের সাথে কর্মকর্তাগণের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ও রাজশাহী সিটি করপোরেশনের নবাগত প্রশাসক ড. আ. ন. ম. বজলুর রশীদ সিটি করপোরেশনের বিভাগীয় ও শাখা প্রধানগণের সাথে মতবিনিময় করেছেন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে নগর ভবনের সিটি হল সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে প্রশাসক মহোদয়কে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও বিভাগীয় প্রধানগণ ফুলেল শুভেচ্ছা জানান। এরপর কর্মকর্তাদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। সভায় রাজশাহী সিটি কর্পোরেশনে সার্বিক কার্যক্রম নিয়ে প্রেজেন্ট্রেশন উপস্থাপন করা হয়।
উল্লেখ্য, রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. আ. ন. ম. বজলুর রশীদ ১৮ নভেম্বর ২০২৫ তারিখে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেন, রাজশাহী সিটি বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার অন্যতম একটি সুন্দর শহর। এই সিটি কর্পোরেশন অনেক কিছুতেই পাইওনিয়র। আপনাদের সকলের পরিশ্রম ও আন্তরিকতার কারণেই এই অর্জন সম্ভব হয়েছে। রাজশাহী সিটি আজকে যেখানে আছে, আগামীকাল যেন তার চেয়ে এগিয়ে থাকে। আগামীর ভালোর জন্যই তো আমরা কাজ করছি।
সভায় তিনি আরো বলেন, সিটি করপোরেশন জনসেবামূলক প্রতিষ্ঠান। জনগণের সন্তুষ্টির জন্যই যথাযথভাবে কাজ করতে হবে। সিটি কর্পোরেশনের অনেক অর্জন রয়েছে। এই অর্জন ধরে রেখে রাজশাহী সিটিকে পৃথিবীর অন্যতম একটি সিটিতে পরিণত করতে যথাযথভাবে কাজ করে যেতে হবে।
সভায় রাসিক প্রশাসক মহোদয় রাজশাহী সিটির চলমান অবকাঠামোগত উন্নয়ন কাজ, ড্রেনেজ ব্যবস্থা, পরিচ্ছন্নতা ও উন্নত বর্জ্য ব্যবস্থাপনা, ছায়াযুক্ত বৃক্ষরোপণ, পরিবেশ উন্নয়নসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন কার্যক্রমের বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন।
রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (্উন্নয়ন ও আইসিটি) রেজাউল আলম সরকার। অনুষ্ঠানে প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা.এফএএম আঞ্জুমান আরা বেগম, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদসহ সিটি কর্পোরেশনের শাখা প্রধানগণ ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৫ | সময়: ৫:১৭ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর