অসময়ে আম নিয়ে চাটুকার বিজ্ঞাপন: অনলাইনে প্রতারণার ফাঁদ

মিজানুর রহমান, চারঘাট: আমের মৌসুম না হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জের বাগান থেকে সারা বছর অর্ডার করতে পারবেন ‘মজাদার ও রসালো কাটিমন আম’ এমন চাটুকার সব বিজ্ঞাপন দিয়ে অনলাইনে চলছে চরম প্রতারণা। এসব অনলাইন পেজে সরল মনে আমের অর্ডার দিয়ে টাকা ও আম দুটোই হারিয়েছন অনেক ক্রেতা।
এসব ভুয়া অনলাইনের মাধ্যমে প্রতারণার শিকার হয়ে দিশেহারা হচ্ছেন শতশত ক্রেতা। এমন একটি অনলাইনে পেজ চাপাইনবাবগঞ্জের কাটিমন আম নিয়ে চাটুকার বিজ্ঞাপন দিয়ে মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছেন ‘বিডি অফিসিয়াল ম্যাংগো হাউস’ নামের একটি অনলাইন পেজ। এই পেজে আমের লোভনীয় অফার দিয়ে চালাচ্ছে প্রতারণা। এই পেজে আমের অর্ডার দিয়ে প্রতারণার ফাঁদে পড়ে ১১ হাজার টাকা হারিয়েছেন রাজশাহীর চারঘাটের এক ব্যাক্তি। ওই ব্যাক্তি ছাড়াও অনেকেই আমের অর্ডার দিয়ে আমও পাননি। উল্টো খুইয়েছেন হাজার হাজার টাকা। আম নিয়ে কিভাবে প্রতারণার শিকার হলেন জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী বলেন, চাঁপাইনবাবগঞ্জের কাটিমন আমের অর্ডার করি ‘বিডি অফিসিয়াল ম্যাংগো হাউস’ এই পেজে। পরে কোড দিবার নাম করে সরল মনে কুরিয়ারের লোক সেজে তারা আমার কাছ থেকে প্রতারণা করে ১১ হাজার টাকা নিয়েছেন।
তাদের ব্যবহৃত ০১৩৩৮-৬১০৫৪৭ মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তারা বলছেন আমাদের অফিস চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ রিয়া ফার্নিচারের দোকানের পাশে।
অথচ খোঁজ নিয়ে জানা গেছে এমন কোন অফিসই নেই। পরে প্রশাসনের মাধ্যমে ওই ব্যাক্তি খোজ নিয়ে জানেন, মূলত এরা প্রতারক। এদের মোবাইল ট্র্যাক করে জানা যায় এরা মূলত নড়াইলের ঘরোরিয়া পেরুলি এলাকায় অবস্থান করছে। আর যে সিম ব্যবহার করছে সেটা আবুল হোসেন নাম দিয়ে সিম উত্তোলন। যার বাড়ী শরিয়তপুর জেলার সদর থানার ফরিদপুর ডামিডা এলাকার নামে। পরে ওই ব্যাক্তি নিশ্চিত হন তিনি প্রতারণার শিকার।
ওই ব্যাক্তি ছাড়াও চারঘাট-বাঘা ছাড়া বিভিন্ন এলাকায় শতশত মানুষ প্রতারণার শিকার হচ্ছে। অসময়ে আমের চাটুকার বিজ্ঞাপন দেখে আমের অর্ডার দিয়ে নিস্ব হচ্ছেন। এসব ভূঁইফোঁড় অনলাইন চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগি সহ এলাকার সচেতন মহল।
চারঘাট মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, অনলাইনে অর্ডার করতে হলে ভালো ভাবে যেনে শুনে অর্ডার করতে হবে। ভূঁইফোড় অনলাইনের ভিড়ে আসল নকল বোঝা মুশকিল। আর অনলাইনে পণ্য হাতে না পাওয়া পর্যন্ত কাউকে অগ্রিম টাকা দিবেন না বলে সর্তক করেন ওসি মিজান।


প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৫ | সময়: ৩:৫৫ পূর্বাহ্ণ | সুমন শেখ