সর্বশেষ সংবাদ :

চারঘাটে ভূমিহীনদের সরকারী জমি দখল করে নিয়েছে তিন ভাই

স্টাফ রিপোর্টার, চারঘাট: রাজশাহীর চারঘাটে ভূমিহীনদের জন্য বরাদ্দকৃত সরকারী জমি জোর করে দখল করে নিয়েছেন কালুহাতি পশ্চিম পাড়া এলাকার নজরুল ইসলাম, এসারুল ইসলাম ও শফিক আহম্মেদ নামের ৩ ভাই। গত বছরের ৫ আগস্ট সরকারের পটপরিবর্তনের পর ভূমিহীনদের দখলে থাকা কলার গাছ সহ বিভিন্ন ফলদ গাছ কেটে তারা ৩ ভাই জবর দখল করেন ওই জমি। বর্তমানে ওই জমিতে চাষ করেছেন ভূমি দখলকারী তারা তিন ভাই। এতে চরম ভয় আর আতঙ্কের মধ্যে দিন পার করছেন ভূমিহীন ৬টি পরিবারের সদ্যরা। সরজমিনে গিয়ে দেখা যায় এমন চিত্র।
জানা যায়, বিগত ৬ বছর আগে ভূমিহীনদের জমি ও বাড়ী নির্মাণের উদ্যোগ গ্রহন করে তৎকালীন আওয়ামীম লীগ সরকার। এরপর চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের চককৃষ্টপুর সরকারের খাস খতিয়ানের জমিতে ওই এলাকার ভুমিহিন ৬টি পরিবারকে মাথা গোঁজার ঠাই হিসেবে আধাপাকা বাড়ি নির্মাণ করে দেয় ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রনালয়ের অধিনে স্থানীয় প্রশাসন।
বাড়ী নির্মাণ করে বাকী সরকারী জমিতে ফসল ফলিয়ে ভোগ দখল করতে বলেন। সেই মোতাবেক ভূমিহীনরা সরকারী জমিতে কলার গাছ সহ বিভিন্ন ফলদ গাছ লাগিয়ে ভোগ করছিলেন। হঠাৎ করে গত বছরের ৫ আগস্ট দেশের পেক্ষাপট পরিবর্তন হলে ভূমিহীনদের নামে বরাদ্দকৃত সরকারী জমি বজর দখল করে কালোহাটি পশ্চিমপাড়া এলাকার নজরুল ইসলাম, এসারুল ইসলাম ও শফিক আহম্মেদ নামের ৩ ভাই।
ভয় আর আতঙ্কে প্রতিবাদ করতে না পেরে ভূমিহীনরা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দেন বলে জানান ভূমিহীন শামসুল আলম। অভিযোগ দেয়ার ১৩ মাস পেরিয়ে গেলেও রহস্যজনক কারণে জমি দখলকারী ৩ ভাইয়ের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন করেনি স্থানীয় প্রশাসন। এতে করে বেপরোয়া হয়ে উঠেছে ভূমি দখলকারীরা।
সরেজমিনে গেলে ভূমিহীনরা জানান, সরকারের পটপরিবর্তনের পর হঠাৎ তারা তিন ভাই জোর করে আমাদের লাগানো কলার গাছ সহ বিভিন্ন ফলজ গাছ কেটে জমি দখল করে নেয়। আমরা ভয়ে তাদের বাধা বা প্রতিবাদ করতে পারেনি। নিরুপায় হয়ে উপজেলার ইউএনওর কাছে অভিযোগ দিলেও ব্যবস্থা নেয়া হয়নি।
ভূমিহীন হাফিজুল বলেন, আমরা চরম কষ্টের মধ্যে দিয়ে বসবাস করছি। আমার একটা ভ্যান আছে সেটি নিয়ে যেতে পারিনি বাড়ীতে। কেউ বের হবার রাস্তাও দেয় না। উল্টো আমাদের নামে বরাদ্দকৃত জমি তারা তিন ভাই জোর করে দখল করেছেন।
নিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ভূমিহীনরা আমাকে মৌখিক বা লিখিত ভাবে কিছুই জানায়নি। তবে এমন ঘটনা ঘটে থাকলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, এমন অভিযোগ থানায় কেউ করেননি। করলে আইনের সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্বে) সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান বলেন, এমন ঘটনা আমার জানা নেই। তবে কেউ সরকারী জমি দখল করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেয়া হবে।


প্রকাশিত: November 20, 2025 | সময়: 3:46 am | সুমন শেখ

আরও খবর