, , ।
স্পোর্টস ডেস্ক: রাওয়ালপিন্ডিতে সিরিজের তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশ নিশ্চিত করেছে পাকিস্তান। তিন ম্যাচেই দাপুটে জয় তুলে নিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছে শাহিন শাহ আফ্রিদির দল। এই নিয়ে তৃতীয়বারের মতো কোনো দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করল পাকিস্তান।
ব্যাট হাতে শুরুটা ভালো হলেও মাঝপথে এসে বারবার থেমে যায় শ্রীলঙ্কা। পাঁচ জন ব্যাটসম্যান ভালো শুরু পেলেও কেউই ফিফটি ছুঁতে পারেননি। প্রথম ৮ ওভারে ৫৫ রান তুললেও এরপর নিয়মিত উইকেট হারায় তারা। নিসাঙ্কা ২৪, মিশারা ২৯ এবং কুসল মেন্ডিস ৩৪ রান করলেও কেউ বড় ইনিংস খেলতে পারেননি। সবচেয়ে বেশি রান আসে সাদিরা সামারাবিক্রমার ব্যাট থেকে, ৬৫ বলে ৪৮। পাভান রাত্নায়েকে শেষ দিকে ৩২ রান যোগ করলে দল পৌঁছায় ২১১ রানে।
পাকিস্তানের বোলাররা দেখিয়েছেন দারুণ নিয়ন্ত্রণ। মোহাম্মদ ওয়াসিম ১০ ওভারে ৩ উইকেট নিয়ে ছিলেন সেরা। হারিস রউফ ও ফয়সাল আকরাম নিয়েছেন ২টি করে উইকেট। তাদের দারুণ বোলিংয়ে শ্রীলঙ্কা বড় সংগ্রহ গড়তে পারেনি।
লক্ষ্য তাড়ায় পাকিস্তান শুরুতেই হারায় হাসিবউল্লাহ খানকে। বাঁহাতি এই কিপার ব্যাটসম্যান তিন ম্যাচে খেললেও এবারও রানের খাতা খোলার সুযোগ পেলেন না। এরপর দ্বিতীয় উইকেটে ফখর জামান ও বাবর আজম গড়ে তোলেন ৭৪ রানের জুটি। ফখর খেলেন ৪৫ বলে ৫৫ রানের ঝলমলে ইনিংস। আগের ম্যাচে সেঞ্চুরি খরা কাটানো বাবর এবার করেন ৩৪। পরে সালমান আলি আগাও আউট হলে স্কোরবোর্ডে ১১৫ রানেই পড়ে চার উইকেট।
এরপর আর কোনো বিপদ হতে দেননি অভিজ্ঞ মোহাম্মদ রিজওয়ান ও হুসাইন তালাত। দুজনের শতরানের জুটিতে অনায়াসেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তারা। রিজওয়ান থাকেন অপরাজিত ৬১ রানে, তালাত ৪২ রানে। সিরিজের শেষ ম্যাচে শ্রীলঙ্কার ব্যাটিং-বোলিং কোনো দিকেই জ্বলে ওঠার মতো কিছু দেখা যায়নি। আর পাকিস্তান তাদের সুযোগগুলো কাজে লাগিয়ে বড় জয় নিয়েই মাঠ ছেড়েছে।