, , ।
স্পোর্টস ডেস্ক: পর্তুগাল টানা দুই ম্যাচে পয়েন্ট হারিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, শেষ ম্যাচে তা দূর করে দারুণভাবে বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করলো। আর্মেনিয়ার বিপক্ষে পোর্তোয় রোববার গোলের বন্যা বইয়ে দিয়েছে রবের্তো মার্তিনেসের দল। হ্যাটট্রিক করেছেন ব্রুনো ফের্নান্দেস ও জোয়াও নেভেস। রোনালদো লাল কার্ডজনিত নিষেধাজ্ঞায় খেলতে না পারলেও তার অভাব বুঝতেই দেয়নি দল। ৯-১ গোলের বড় জয়ে উদযাপন করেছে বিশ্বকাপে ওঠা।
ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় পর্তুগাল। ব্রুনো ফের্নান্দেসের ফ্রি কিক গোলরক্ষক ঠেকালেও রেনাতো ভেইগা ফিরতি বলে হেড করে জালে পাঠান। তবে সেই লিড টিকেছিল মাত্র ১১ মিনিট। পাল্টা আক্রমণে এদুয়ার্দের পায়ে লেগে সৌভাগ্যজনকভাবে জালে চলে যায় বল, সমতায় ফিরে আসে আর্মেনিয়া। এরপর থেকে একপেশে হয়ে যায় খেলা।
দুই মিনিটের ব্যবধানে রামোস ও নেভেস গোল করে পর্তুগালকে দৃঢ়ভাবে ম্যাচের নিয়ন্ত্রণে নিয়ে আসেন। ২৮তম মিনিটে আর্মেনিয়ার রক্ষণে বড় ভুল থেকে রামোস ফাঁকা পোস্টে বল পাঠান, আর তিন মিনিট পর বক্সের বাইরে থেকে জোরালো শটে নেভেস ব্যবধান বাড়ান। বিরতির আগেই নেভেস আবারও দারুণ এক ফ্রি কিক থেকে গোল করেন। কিছুক্ষণ পর স্পট কিকে ফের্নান্দেস গোল করলে প্রথমার্ধেই পর্তুগাল নিশ্চিত করে ফেলে জয়।
দ্বিতীয়ার্ধেও একইভাবে আক্রমণ চালিয়ে যায় পর্তুগাল। রামোসের সঙ্গে দারুণ ওয়ান-টু থেকে ফের্নান্দেস নিজের দ্বিতীয় গোলটি করেন। পরে বদলি নামা কার্লোস ফোর্বসকে বক্সে ফাউল করলে আবার পেনাল্টি পায় পর্তুগাল। ফের্নান্দেস গোল করে হ্যাটট্রিক পূরণ করেন। নয় মিনিট পর নেভেসও তার তৃতীয় গোলটি করেন ডান পায়ের নিখুঁত শটে। যোগ করা সময়ে ফনসেইকাও বক্সের বাইরে থেকে গোল করে ৯-১ ব্যবধান নিশ্চিত করেন।
সারা ম্যাচে পর্তুগাল ছিল সম্পূর্ণ আধিপত্যে। ৭৫ শতাংশ সময় বল দখলে রেখে ৩৪টি শট নেয় তারা, যার ১৫টি ছিল অন টার্গেট। ছয় ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে থেকে বিশ্বকাপে উঠেছে তারা। অন্যদিকে একই সময়ে আয়ারল্যান্ড হাঙ্গেরির মাঠে ৩-২ গোলের দুর্দান্ত জয় তুলে নিয়ে গ্রুপ রানার্সআপ হয় এবং প্লে-অফে জায়গা করে নেয়। ৮ পয়েন্ট পাওয়া হাঙ্গেরি বাদ পড়ে গেছে। পর্তুগাল বাছাই শুরু করেছিল আর্মেনিয়ার মাঠে ৫-০ গোলের জয়ে। একই প্রতিপক্ষকে আরও বড় ব্যবধানে হারিয়ে এবারের আসরের মূলপর্ব নিশ্চিত করেছে নেশন্স লিগজয়ীরা।