, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ঐতিহ্য চত্বর চেকপোস্টে ডিউটির সময় সোনালি রঙের ধাতব খণ্ড দেখিয়ে প্রতারণাকারী একটি সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- রাজশাহী বোয়ালিয়া থানার কায়েরদাড়া গ্রামের ওহাব শেখের ছেলে মো: হিরু (৪৫); রাজশাহী রাজপাড়া থানার দাশপুকুর গ্রামের আ: হামিদের ছেলে মো: ফিরোজ (৪১); এবং কাশিয়াডাঙ্গা থানার নগরপাড়া গ্রামের মৃত আহমদ শেখের ছেলে আবুল কাশেম (৫৯)।
ঘটনাসূত্রে জানা যায়, শনিবার বিকেলে এসআই তৌহিদুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি অভিযানিক টিম ঐতিহ্য চত্বর ফ্লাইওভারের নিচে নিয়মিত চেকপোস্ট ডিউটিতে ছিলেন। সন্ধ্যা সাড়ে ৬টায় একটি সন্দেহভাজন অটোরিকশা থামিয়ে তল্লাশি করার সময় আসামি মো: হিরু তার জ্যাকেটের পকেট থেকে একটি ব্যাগ বের করে দেয়। ব্যাগের ভিতরে সোনালি রঙের ধাতব খণ্ড এবং ‘শ্রী জুয়েলার্স’ লেখা সম্বলিত একটি প্যাডের পাতা পাওয়া যায়।
এ বিষয়ে হিরু ও ফিরোজকে জিজ্ঞাসাবাদ করলে তারা কোনো সন্তোষজনক জবাব দিতে না পারায় ডিবি টিম তাদের আটক করে। এসময় তাদের হেফাজতে থাকা সোনালি রঙের ধাতব খণ্ড, ‘শ্রী জুয়েলার্স’ লেখা প্যাডের পাতা এবং অটোরিকশাটি জব্দ করা হয়।
পরবর্তীতে জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত হিরু ও ফিরোজ জানান, চলন্ত অটোরিকশায় যাত্রী থাকলে তারা পরিকল্পিতভাবে ব্যাগটি রাস্তায় ফেলে দিত। পরে সহযোগীরা তা কৌশলে তুলে যাত্রীর সামনে খুলে স্বর্ণ হিসেবে উপস্থাপন করত এবং টাকায় বিক্রির চেষ্টা করত। এভাবে তারা দীর্ঘদিন ধরে সোনালি রঙের ধাতব খণ্ডকে প্রকৃত স্বর্ণ বলে দেখিয়ে নিরীহ যাত্রীদের সঙ্গে প্রতারণা করে আসছিল। পলাতক অপর তিন আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে রাজপাড়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।