সর্বশেষ সংবাদ :

বাগমারায় জামিনে এসে বাদীর বাড়িতে আসামীর হামলা

স্টাফ রিপোর্টার, বাগমারা: বাগমারায় বাড়িঘর ভাংচুর ও লুটপাটের মামলায় আদালত থেকে জামিনে এসেই বাদীর বাড়িতে হামলা করেছে আসামীরা। শুক্রবার রাতে শুভডাঙ্গা ইউনিয়নের বারুইপাড়া গ্রামের মামলার বাদী ছেনামুল হকের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে শনিবার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা গেছে, বারুইপাড়া গ্রামের একটি সমিতির হিসাব চাওয়া নিয়ে বিরোধের জেরে ২৭ অক্টোবর রাতে ওই সমিতির সদস্য ছেনামুল হক এবং তার ছোট ভাই এনামুল হক, আতাউর ও মাহাবুর রহমানের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট ও পরিবারের সদস্যদের মারধর করা হয়। এই ঘটনায় পরের দিন ওই সমিতির পরিচালক ভুট্টো, মিলন, উজ্জল ও টিপু সুলতান সহ ১১ জনের বিরুদ্ধে ছেনামুল হক বাদী হয়ে থানায় একটি মামলা করেন। বৃহস্পতিবার ওই মামলার সব আসামিরা আদালতে আত্মসমর্পন করে জামিন পান। এরপর আসামীরা বাড়িতে এসে রাত ১২ টার দিকে মামলার বাদী ছেনামুল হক ও তার ভাই বাবুল হোসেনের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে।
এছাড়া বাড়ির পাশে পানবরজ থেকে প্রায় অর্ধলক্ষাধিক টাকার পান লুট করা হয় বলেও ভূক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়।
এ বিষয়ে থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


প্রকাশিত: November 17, 2025 | সময়: 3:32 am | সুমন শেখ