, , ।
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ বাছাইয়ের প্লে–অফ সিরিজে পাকিস্তানের বিপক্ষে আজ শেষ ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ। আগেই দুই ম্যাচ জিতে বিশ্বকাপ নিশ্চিত করেছিল দল। তাই তৃতীয় ম্যাচটি ছিল কেবল আনুষ্ঠানিকতা। কিন্তু নিয়মরক্ষার ম্যাচেও কোনো দয়া দেখায়নি অতিথিরা। বাংলাদেশকে ১০–৩ গোলে হারিয়ে একতরফা ভঙ্গিতেই সিরিজ শেষ করেছে পাকিস্তান।
তিন ম্যাচে পাকিস্তান মোট ২৬টি গোল করেছে, বাংলাদেশ করতে পেরেছে মাত্র ৫টি। সংখ্যাগুলোই বলে দেয়, মাঠের পারফরম্যান্স কতটা একপেশে ছিল। বল দখল, গতি, ফিনিশিং কিংবা পেনাল্টি কর্নার— সব ক্ষেত্রেই পাকিস্তান ছিল আধিপত্য বিস্তারকারী। বাংলাদেশ দল এবার তরুণদের নিয়ে সাজানো হয়। পুস্কর খিসা মিমো ও রাসেল মাহমুদ জিমির মতো অভিজ্ঞদের বাইরে রেখে নতুনদের সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু যুবশক্তি দিয়েও পাকিস্তানের মতো পরিপক্ব দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতার ছাপ দেখা যায়নি।
আজকের ম্যাচেও একাধিক সহজ গোলের সুযোগ নষ্ট করেছেন রাকিবুল, আব্দুল্লাহ, সবুজ ও ওবায়দুল জয়। ১৫তম মিনিটে পোস্ট ফাঁকা পেয়েও গোল করতে ব্যর্থ হন সোহানুর রহমান সবুজ। শক্তির পার্থক্য এত বড় হওয়া সত্ত্বেও এমন সুযোগ হাতছাড়া বাংলাদেশকে আরও পিছিয়ে দিয়েছে। পাকিস্তান পেয়েছে ১৫টি পেনাল্টি কর্নার, যার ৯টিতেই গোল করেছে তারা। সুফিয়ান করেছেন সর্বোচ্চ ৬ গোল। আব্দুর রহমান ২টি এবং নাদিম আহমেদ ১টি গোল করেন। ফিল্ড গোল এসেছে রানা ওয়ালিদের স্টিক থেকে।
বাংলাদেশের তিন গোলের দুটিই ওপেন প্লে থেকে। পেনাল্টি কর্নার থেকেও একটি গোল পাওয়া গেছে, তবে পুরো সিরিজে ৮টি পিসি সুযোগ পেয়ে কেবল একটি গোল করতে পেরেছেন এ বিভাগের বিশেষজ্ঞ আশরাফুল ইসলাম। বর্তমান দলে আছেন অনূর্ধ্ব-২১ দলের সাতজন সদস্য। তারা দুই দিনের মধ্যে ভারতে অনুষ্ঠেয় জুনিয়র বিশ্বকাপ হকিতে অংশ নিতে রওনা হবেন। হকির ইতিহাসে বাংলাদেশের এটি প্রথম কোনো স্তরের বিশ্বকাপে অংশগ্রহণ।