স্পেনে ৫০ হাজার দর্শকের সামনে ঐতিহাসিক প্রীতি ম্যাচ খেললো ফিলিস্তিন

স্পোর্টস ডেস্ক: ফিলিস্তিন জাতীয় ফুটবল দল শনিবার ইউরোপের মাটিতে নিজেদের প্রথম ম্যাচ খেলে এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছে। স্পেনের বিলবাওয়ে স্বাগতিক বাস্ক কান্ট্রি (বাস্ক একাদশ) দলের বিপক্ষে এই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচটির চূড়ান্ত স্কোর ছাপিয়ে এর মানবিক ও রাজনৈতিক তাৎপর্য ছিল অনেক গভীর।
আতলেতিক বিলবাওয়ের হোম গ্রাউন্ড সান মামেস স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ফিলিস্তিন ৩-০ গোলে পরাজিত হলেও, ম্যাচটি ছিল খেলাধুলার ঊর্ধ্বে। এটি ছিল গাজায় ইসরায়েলি সামরিক কর্মকাণ্ডের বিরুদ্ধে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানোর এক বৃহৎ উদ্যোগের অংশ। খেলা শুরুর আগে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। বাস্ক খেলোয়াড়রা শিশুদের হাত ধরে মাঠে প্রবেশ করেন, অন্যদিকে ফিলিস্তিনি খেলোয়াড়রা সাদা গোলাপ হাতে মাঠে নামেন। যেসব ফিলিস্তিনি শিশুরা এই দিনটি দেখার জন্য বেঁচে নেই, তাদের স্মরণে এই শ্রদ্ধা জানানো হয়।
আয়োজকরা জানিয়েছেন, এই ম্যাচের জন্য প্রায় ৫০ হাজার দর্শক টিকিট সংগ্রহ করেছিলেন। স্টেডিয়ামে উপস্থিত হাজার হাজার ভক্ত ফিলিস্তিন এবং স্পেনের উত্তরের বাস্ক অঞ্চলের পতাকা নাড়িয়ে দলের প্রতি সমর্থন জানান। চলতি সপ্তাহের শুরুতে ফিলিস্তিন দল বিলবাওয়ে পৌঁছালে তাদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। ম্যাচের আগে হাজার হাজার মানুষ পতাকা হাতে শহরের রাস্তায় মিছিলও করে।
স্থানীয় ক্লাব এবং ক্রীড়া সংস্থাগুলো জোর দিয়ে বলেছে, এই ম্যাচ আয়োজন ছিল ফিলিস্তিনিদের অধিকারের প্রতি সমর্থনের একটি স্পষ্ট নিদর্শন। ম্যাচের আগে বিলবাওয়ে অনুষ্ঠিত বিক্ষোভে গাজার মানবিক সংকট অবসানেরও দাবি জানানো হয়। উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে হামাস হামলার পর ইসরায়েলের সামরিক প্রতিক্রিয়ার বিরুদ্ধে স্পেনে বড় ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
বাস্ক দলে আতলেতিক বিলবাও, রিয়াল সোসিয়েদাদ এবং অন্যান্য পেশাদার দলের খেলোয়াড়রা অংশ নেন। স্পেনের মূল জাতীয় দলের খেলোয়াড়রা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ থাকায় এই ম্যাচে অংশ নিতে পারেননি। ফিলিস্তিন স্পেনে তাদের এই সংহতি সফর অব্যাহত রাখবে। আগামী মঙ্গলবার বার্সেলোনায় মন্তজুইক স্টেডিয়ামে তারা কাতালোনিয়া একাদশের মুখোমুখি হবে। ম্যানচেস্টার সিটির স্প্যানিশ কোচ ও বার্সেলোনার কিংবদন্তি পেপ গার্দিওলা ব্যক্তিগতভাবে বার্সা ভক্তদের এই প্রীতি ম্যাচে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন এবং একে ফিলিস্তিনের প্রতি বৈশ্বিক সমর্থনের বার্তা হিসেবে উল্লেখ করেছেন।


প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৫ | সময়: ৩:৩১ পূর্বাহ্ণ | সুমন শেখ