বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, গোদাগাড়ী: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটা দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। এ অবস্থায় তিনি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
শনিবার সকালে রাজশাহীর গোদাগাড়ীতে প্রয়াত বিএনপি নেতা ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত শেষে এক সমাবেশে এ আহ্বান জানান তিনি। এ সময় তিনি রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনকে নেতাকর্মীদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে তার পক্ষে থাকার আহ্বান জানান।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটা দল বিএনপিতে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। এর মাধ্যমে তারা ফায়দা নিতে চায়। এ ব্যাপারে বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। নিজেদের মধ্যে দ্বন্দ্ব বিভাজন সৃষ্টি করা যাবে না।
তিনি বলেন, আরেকটা দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। আমাদের অতীত অভিজ্ঞতা বলে এদের দ্বারা দেশের পরিবর্তন ও রাষ্ট্রের শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব না।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ব্যারিস্টার আমিনুল হক এমপি ও মন্ত্রী থেকে এই এলাকার মানুষের জন্য কাজ করেছেন। এ এলাকায় তার পরিবারের অবদান আছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এবার এ আসনে ব্যারিস্টার আমিনুল হকের ভাই শরীফ সাহেবকে দিয়েছেন। সবাইকে ঐক্যবদ্ধ থেকে তার পক্ষে কাজ করতে হবে।
এর আগে তিনি গোদাগাড়ীর ফাজিলপুর গোরস্থানে বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত করেন। এ সময় তার সঙ্গে ব্যারিস্টার আমিনুল হকের ভাই শরিফ উদ্দিন, বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ও বিএনপির রিসার্চ ও মনিটরিং সেলের প্রধান রেহান আসাদ রাতুল সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কবর জিয়ারতের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা হন।
এদিকে, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে পানির ন্যায্য হিস্যা আদায় এবং সীমান্ত হত্যা বন্ধে বিশেষ উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে ‘পদ্মা বাঁচাও’ গণসমাবেশে যোগদানের আগে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর উপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “পানির হিস্যা, সীমান্ত হত্যা বন্ধে আমরা বেশি গুরুত্ব দিতে চাই। বিশেষ গুরুত্ব দিতে চাই, আমাদের ওপর দাদাগিরি বন্ধ করতে।” তিনি আশা প্রকাশ করেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারত বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ভারতের সহযোগিতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “তাদের তো আরো বেশি করে বাংলাদেশকে সহযোগিতা করা দরকার।”
“মোদি সরকারের আমলে দেখেছি উল্টা তারা বাংলাদেশেকে চাপে ফেলেছেন, সব নিয়ে গেছেন, কিন্তু বিনিময়ে আমাদের কিছু দেয়নি” বলেন মির্জা ফখরুল।
এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে বিএনপি ঘোষিত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক এমপি অধ্যাপক শাহজাহান মিঞা, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদসহ আরো অনেকে।