, , ।
স্টাফ রির্পোটার: রাজশাহীতে বাসা বাড়ি, দোকান, ও বিভিন্ন ভবনের বৈদ্যুতিক তার চুরির হিড়িক পড়েছে। রাতের আধাঁরে বৈদ্যুতিক খুটি থেকে গ্রাহক পর্যায়ের মেইন লাইনের এই তার চুরি হচ্ছে নিয়মিত। মহানগরীর উপশহরসহ, ভদ্রা, নিউমার্কেট, শালবাগান সহ বিভিন্ন আবাসিক এলাকায় বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দুর্বৃত্তরা চুরি করছে তার, ফলে ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাতের অন্ধকারে দুর্বৃত্তরা বিদ্যুতের তার কেটে নিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে দেখা যায় বাড়ির বিদ্যুৎ নেই, পরে বোঝা যায় মূল সংযোগের তারই নেই। এতে ঘরবাড়ি অন্ধকারে ডুবে যাচ্ছে, নষ্ট হচ্ছে ফ্রিজ, টেলিভিশন, মোটরসহ নানা বৈদ্যুতিক যন্ত্রপাতি। নগরীর উপশহর এলাকার এক বাসিন্দা বলেন,“প্রায় প্রতিদিনই কোনো না কোনো বাসার সামনে বা গলির মাথায় এই ঘটনা ঘটছে। অভিযোগ দিয়েও কোনো প্রতিকার মেলেনি। রাতের বেলায় এখন ভয় নিয়ে থাকতে হয়।”
মহানগরীর উপশহর এলাকার সমাজসেবক শেখ আবু জাফর টুটু বলেন, ‘আমাদের এলাকায় বিদ্যুতের তার চুরির ঘটনা নিয়মিত ঘটছে। আমরা মৌখিক ভাবে থানা পুলিশের কাছে জানিয়েছি, কিন্ত কোন উপকার হচ্ছে না। একটি বাড়ির তার চুরি হলে পরবর্তীতে আবার বিদ্যুতের তার কিনতে কয়েক হাজার টাকা লাগছে। আমরা এর প্রতিকার চাই।
শেখ আবু জাফর টুটু জানান, সাধারণ মানুষের প্রধান চাহিদা নিশ্চিন্তে বসবাস করা। মানুষের এ চাহিদার গুরুত্ব দেয়া প্রশাসনের কাজ।
নুরুল হক নামের এক নেসকো গ্রাহক বলেন,“আমাদের বাসা বাড়ির এত দামী তার চুরি হচ্ছে নিয়মিত। কিন্তু এই চোরদের ধরতে পুলিশের কোন অভিযান চোখে পড়ছে না। আমরা চাই যারা তার চুরি করছে তাদের আইনের আওতায় নিয়ে আস হোক।” অভিযোগ রয়েছে, গ্রাহকেরা একাধিকবার স্থানীয় প্রশাসন ও বিদ্যুৎ বিভাগকে অবহিত করা হলেও কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে চোরচক্র আরো বেপরোয়া হয়ে উঠছে।
শহরবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে , বিদ্যুৎ বিভাগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন যৌথভাবে পদক্ষেপ গ্রহণ করে, যাতে এই চুরির মহামারী বন্ধ হয় এবং নাগরিকরা নিরাপদে থাকতে পারেন।