সর্বশেষ সংবাদ :

নগরীতে পুলিশের চেকপোস্টে হেরোইনসহ গ্রেপ্তার ২

স্টাফ রির্পোটার: রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার মোড়ে চেকপোস্টে হেরোইনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড মুভমেন্ট পুলিশ (আরএমপি)। গ্রেপ্তারকৃতরা হলেন শাকিল (২৪) ও মিলন হোসেন (২৩)। শাকিল রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আচুয়া গ্রামের মুখলেসুর রহমানের ছেলে এবং মিলন একই গ্রামের মুক্তারের ছেলে। ঘটনা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে অফিসার ইনচার্জ আজিজুল বারি ইবনে জলিলের তত্ত্বাবধানে এসআই মেহেদী হাসান ও তার টিম কাশিয়াডাঙ্গা মোড়ের চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। এ সময় তারা সন্দেহজনকভাবে আসা মোটরসাইকেলযোগে দুই ব্যক্তিকে থামার সংকেত দিলে, তারা পালানোর চেষ্টা করে। পুলিশ দ্রুত ধাওয়া করে তাদের আটক করে।
আটককৃতদের দেহ তল্লাশি করলে ৩শ গ্রাম হেরোইন উদ্ধার হয়। তাদের ব্যবহৃত দুইটি মোবাইল ফোন ও একটি কালো রঙের পালসার মোটরসাইকেল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, দীর্ঘদিন ধরে পরস্পরের সহযোগিতায় রাজশাহী মহানগরসহ দেশের বিভিন্ন জেলায় হেরোইন সরবরাহ ও বিক্রয় করে আসছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


প্রকাশিত: November 13, 2025 | সময়: 5:07 am | সুমন শেখ