, , ।
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ বলেন, আমরা একের ভোট অন্যে দেবো না, দিনের ভোট রাতে করবো না, কাউকে করতেও দেবো না। আওয়ামী লীগের এ ভোট ডাকাতির প্রতিবাদ জানাতে গিয়েই হাজার হাজার মানুষ জীবন দিয়েছে।
আবু সাঈদ-মুগ্ধরা বুকের রক্ত ঢেলে দিয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জুলাই আন্দোলনে দেড় হাজারেরও বেশি ছাত্র-জনতাকে হত্যা করেছে। পাঁচশ’ জন মানুষকে সারাজীবনের মতো অন্ধ করে দিয়েছে। আমরা আন্দোলনের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব সুরক্ষা করেছি।
যদি আমরা ক্ষমতায় যেতে পারি, তাহলে বিএনপি নেতাকর্মীরা যতটুকু নিরাপত্তা পাবে, অন্য সব দলের নেতাকর্মীরাও একই রকম নিরাপত্তা পাবে। বহু প্রাণের বিনিময়ে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে, আমরা এ গণতন্ত্রকে আর পদদলিত করতে দেবো না। এ সময় তিনি নেতাকর্মীদের ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে নির্বাচিত হলে বড়াইগ্রাম ও বনপাড়া নামে দুটি পৃথক উপজেলা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।
তিনি মঙ্গলবার রাতে নাটোরের বড়াইগ্রাম পৌর বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন।
বড়াইগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র ইসাহাক আলীর সভাপতিত্বে ও সাবেক সাধারণ সাধারণ সম্পাদক বেলাল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আশরাফ আলী, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুল হক বকুল, বড়াইগ্রাম শহর বিএনপির সাবেক সহ-সভাপতি ঈমান আলী ও আবু বকর সিদ্দিক প্রধান, সাবেক যুগ্ম-সম্পাদক মোবারক হোসেন টিপু, বড়াইগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি লুৎফর রহমান, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার ও মোস্তায়েদুল হক বুলু, বড়াইগ্রাম শহর যুবদলের সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক শামীম হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নয়ন হোসেন ও ছাত্রদলের আহ্বায়ক মাসুম রেজা বক্তব্য রাখেন।