সর্বশেষ সংবাদ :

বড়াইগ্রামে বিএনপি-জাপার অর্ধশত নেতাকর্মীর জামায়াতে যোগদান

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদকের নেতৃত্বে বিএনপি ও জাতীয় পার্টির অর্ধ শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। রোববার রাতে উপজেলার গোপালপুর ইউনিয়নের গড়মাটি বাজারে আয়োজিত এক উঠান বৈঠকে তারা আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন। উঠান বৈঠকে গোপালপুর ইউনিয়ন জামায়াতের আমীর মোসাদ্দেক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর ড. মীর নুরুল ইসলাম। সভায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি আবু বকর সিদ্দিক, গোপালপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি কুতুবউদ্দিন, জামায়াত নেতা ফিরোজ হোসেন এবং শাহিন হোসেন বক্তব্য রাখেন।
পরে প্রধান অতিথি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিএনপির নেতা বাবর আলী বাবু এবং জাতীয় পার্টির নেতা নাজমুল হোসেন খানের নেতৃত্বে জামায়াতে ইসলামীতে যোগ দেয়া অর্ধশতাধিক নেতাকর্মীকে ফুল দিয়ে বরণ করে নেন।
এ সময় জামায়াতে যোগ দেয়া প্রসঙ্গে উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বাবর আলী বাবু তার বক্তব্যে বলেন, ইসলামী আদর্শ প্রতিষ্ঠাই সমাজ পরিবর্তনের একমাত্র পথ। জামায়াত সে দায়িত্বই পালন করে যাচ্ছে। তাছাড়া জামায়াতের নেতাকর্মীরা যে কথা দেয়, সেটা রক্ষা করে-এটা আমি অন্য কোন দলে পাইনি। এ জন্য আমি জামায়াতে যোগ দিয়েছি। জামায়াতে যোগ দেয়া ঠেকাতে আমাকে নানাভাবে হুমকি দেয়া হয়েছে।
এ সময় সত্যের পথ থেকে তাকে কেউ আমাকে সরাতে পারবে না দাবি করে তিনি সবাইকে ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।


প্রকাশিত: November 11, 2025 | সময়: 4:55 am | সুমন শেখ