, , ।
স্পোর্টস ডেস্ক: অনেকটা গোপনে প্রিয় ক্যাম্প ন্যু-তে ফিরেছিলেন লিওনেল মেসি। বার্সেলোনা ছাড়ার পর এটাই ছিল তার প্রথম সফর সেই মাঠে, যেখানে শুরু হয়েছিল ইতিহাসগড়া এক ফুটবলযাত্রা। ন্যাশভিলকে হারিয়ে ইন্টার মায়ামিকে এমএলএস প্লে–অফের পরের রাউন্ডে তুলেই গতকাল তিনি উড়ে গিয়েছিলেন কাতালান শহরে, যে শহর একসময় ছিল তার দ্বিতীয় ঘর।
দুই দশকেরও বেশি সময় বার্সেলোনায় কাটানো মেসির জন্য এটি ছিল আবেগময় সফর। ক্লাবটির আর্থিক সংকটের কারণে ২০২১ সালে বিদায় নিতে বাধ্য হয়েছিলেন তিনি। এরপর বহুবার জানিয়েছেন, সুযোগ পেলে নিজের ক্যারিয়ারের শেষটা বার্সেলোনাতেই করতে চেয়েছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।
ইনস্টাগ্রামে নিজের সফরের ছবি পোস্ট করে মেসি লিখেছেন, ‘গত রাতে আমি ফিরে গিয়েছিলাম এমন এক জায়গায়, যেটাকে আমি মন থেকে মিস করি। যেখানে আমি ছিলাম অসীম সুখী, আর তোমরা আমাকে বারবার বিশ্বের সবচেয়ে আনন্দিত মানুষ করে তুলেছিলে। আশা করি, একদিন আবার ফিরব, কেবল বিদায় জানাতে নয়; যেভাবে পারিনি, সেভাবে একবার ফিরে আসতে চাই।’
বার্সেলোনা সম্প্রতি ক্যাম্প ন্যু আংশিক খুলে দিয়েছে সিনিয়র দলের অনুশীলনের জন্য, যদিও এখনো চলছে সংস্কারকাজ। ক্লাবটি আশাবাদী, চলতি মৌসুমের শেষ ভাগে আবারও নিজেদের ঐতিহাসিক মাঠে ফিরবে তারা। ২০২১ সালে আর্থিক সংকটে পড়ে বার্সেলোনা মেসির সঙ্গে চুক্তি নবায়ন করতে না পারায় বাধ্য হয়েই তাকে বিদায় দিতে হয়। এরপর দুই মৌসুম পিএসজিতে খেলার পর ইন্টার মায়ামিতে যোগ দেন আর্জেন্টাইন মহাতারকা। এর মধ্যে জাতীয় দলের হয়ে পূরণ করেন আজীবনের স্বপ্ন, ২০২২ সালে বিশ্বকাপ জয়।
সম্প্রতি আরেকটি অবিশ্বাস্য মাইলফলক স্পর্শ করেছেন মেসি, তার ক্যারিয়ারের ৪০০তম অ্যাসিস্ট। ন্যাশভিলের বিপক্ষে এমএলএস কাপ প্লে-অফে ইন্টার মায়ামির ৪-০ জয়ে জোড়া গোলের সঙ্গে দুটি অ্যাসিস্ট করেন তিনি। এই ম্যাচে গোল-অ্যাসিস্ট মিলিয়ে চারবার অবদান রাখেন আর্জেন্টাইন জাদুকর।
মায়ামির কোচ হাভিয়ের মাচেরানো বলেছেন, ‘আমি লিওকে অভিনন্দন জানাতে চাই। তার খেলা আজ সত্যিই অবিশ্বাস্য ছিল। ৩৮ বছর বয়সেও যেভাবে সে প্রেস করছিল, তা পাগল করার মতো। আমরা সবাই লিওর পায়ের জাদু জানি, কিন্তু আজ যা দেখলাম, সেটা আরও বিশেষ।’