, , ।
স্পোর্টস ডেস্ক: আগামী বছর বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের নারী ফুটবলের জন্য। সিনিয়র ও অনূর্ধ্ব-২০; দুই স্তরেই এশিয়ান কাপ নিশ্চিত করেছে দলটি। আজ ব্যাংককে অনুষ্ঠিত হয়েছে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের ড্র। সেখানে বাংলাদেশের গ্রুপে পড়েছে ভিয়েতনাম, চীন ও স্বাগতিক থাইল্যান্ড।
ড্রয়ে প্রথমেই পট থেকে তোলা হয় বাংলাদেশের নাম এবং যথারীতি ‘এ’ গ্রুপে রাখা হয় আফিদা-সাগরিকাদের। আসরে নবাগত হিসেবে বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ পাবে, এটা ছিল প্রত্যাশিতই। র্যাংকিংয়ে ১০৪তম স্থানে থাকা বাংলাদেশ প্রথমে পেয়েছে নিজেদের চেয়ে ৬৭ ধাপ এগিয়ে থাকা ভিয়েতনামকে (৩৭)। এরপর গ্রুপের তৃতীয় দল হিসেবে যুক্ত হয় চীন (১৬), যারা ২০০৬ সালে চ্যাম্পিয়ন হয়েছিল। কিছুদিন আগে থাইল্যান্ড সফরে দুটি প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ জাতীয় দল। সেই থাইল্যান্ড (৫৩) এবার অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে স্বাগতিক হিসেবে জায়গা করে নিয়েছে বাংলাদেশের গ্রুপেই।
আগামী বছরের এপ্রিল মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ। তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল উঠবে কোয়ার্টার ফাইনালে। তাদের সঙ্গে যুক্ত হবে সেরা দুই তৃতীয় স্থানধারী দল। এরপর সেমিফাইনালে ওঠা চার দল সরাসরি টিকিট পাবে আগামী সেপ্টেম্বরে পোল্যান্ডে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে।
এর আগে গত আগস্টে বাছাইপর্বে গ্রুপ ‘এইচ’-এ বাংলাদেশের প্রতিপক্ষ ছিল শক্তিশালী দক্ষিণ কোরিয়া, স্বাগতিক লাওস ও পূর্ব তিমুর। তিন ম্যাচে দুই জয় ও এক পরাজয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে মূলপর্বের টিকিট কাটে বাংলাদেশ। নিয়ম অনুযায়ী, বাছাইপর্বে আট গ্রুপের চ্যাম্পিয়নদের সঙ্গে সেরা তিন রানার্সআপ দলও মূলপর্বে খেলার সুযোগ পায়। অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের গ্রুপিং: গ্রুপ এ: বাংলাদেশ, থাইল্যান্ড, চীন ও ভিয়েতনাম। গ্রুপ বি: উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান ও জর্ডান ও গ্রুপ সি: জাপান, অস্ট্রেলিয়া, চায়নিজ তাইপে ও ভারত।