সর্বশেষ সংবাদ :

রাজশাহী ওয়াসা কর্মচারীদের স্থায়ীকরণের দাবি

স্টাফ রিপোর্টার: “১ দফা ১ দাবী” এই স্লোগানকে সামনে রেখে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়ন রবিবার সমাবেশ করেছেন রাজশাহী ওয়াসার কর্মচারীরা। তাদের একমাত্র দাবি, মহামান্য হাইকোর্টের রায়ের আলোকে দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের চাকরি অবিলম্বে স্থায়ীকরণ করতে হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সভাপতি সফিকুল আলম। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক আল আমিন কাজল, সাংগঠনিক সম্পাদক জনি, ক্রীড়া সম্পাদক সাহরিয়াল ফয়সাল, প্রচার সম্পাদক জয়নাল, সদস্য মাইনুল ইসলাম, বাকিবিল্লাহ, নাসিম খান ও আজিজুল ইসলাম।
সমাবেশে বক্তারা বলেন, রাজশাহী ওয়াসায় দীর্ঘদিন ধরে বহু কর্মচারী দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করছেন। কিন্তু বছরের পর বছর পরিশ্রম করেও তারা চাকরির নিশ্চয়তা ও নিয়মিত বেতন কাঠামোর সুযোগ থেকে বঞ্চিত।
সভাপতি সফিকুল আলম বলেন, আমরা কোনো অতিরিক্ত দাবি করছি না। দেশের সর্বোচ্চ আদালতের রায় অনুযায়ী আমাদের চাকরি স্থায়ী করা হোক এটাই আমাদের এক দফা এক দাবী। কর্তৃপক্ষের কাছে অনুরোধ, তারা যেন দ্রুত এই রায় বাস্তবায়নের পদক্ষেপ নেয়।
সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বলেন, বছরের পর বছর আমরা রাজশাহী ওয়াসার জন্য কাজ করছি, অথচ আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত। হাইকোর্ট স্পষ্টভাবে বলেছে—দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের স্থায়ীকরণ করতে হবে। অথচ আজও তা বাস্তবায়ন হয়নি, যা অন্যায় ও অমানবিক।
অন্যান্য বক্তারাও বলেন, দীর্ঘদিন ধরে ওয়াসার কার্যক্রম সচল রাখতে যারা প্রতিদিন মাঠে ঘাম ঝরাচ্ছে, তাদের অবহেলা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রশাসন যদি দ্রুত সিদ্ধান্ত না নেয়, তবে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।
ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী যারা বহু বছর ধরে কাজ করছেন, তাদের চাকরি স্থায়ী করার মধ্য দিয়েই প্রশাসন শ্রমিকদের প্রতি ন্যায্যতা ও নৈতিক দায়বদ্ধতা প্রদর্শন করতে পারে।
কর্মচারীদের দাবির প্রেক্ষিতে সংগঠনটি রাজশাহী ওয়াসা কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়েছে। তারা আশা প্রকাশ করেন যে, প্রশাসন শ্রমিকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে ইতিবাচক ভূমিকা রাখবে।


প্রকাশিত: November 10, 2025 | সময়: 1:49 am | সুমন শেখ