, , ।
স্পোর্টস ডেস্ক: শেষ ওভারে অস্ট্রেলিয়ার দরকার ছিল ৩০ রান। প্রথম চার বলে ২৩ তুলে নিয়ে ম্যাচ প্রায় নিজেদের দিকেই টেনে নিয়েছিল তারা। কিন্তু শেষ দুই বলে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ালেন আব্দুল সামাদ; মাত্র ১ রানে জিতে গেল পাকিস্তান, ছিনিয়ে নিল ফাইনালের টিকিট।
রোববার হংকং সিক্সেসের সেমি-ফাইনালে এই রোমাঞ্চকর জয় তুলে নেয় পাকিস্তান। মংকংয়ের মিশন রোড মাঠে আগে ব্যাট করে ২ উইকেটে ১২১ রান করে তারা। জবাবে অস্ট্রেলিয়া থামে ৫ উইকেটে ১২০ রানে। টস হেরে ব্যাট করতে নেমে ঝড় তোলেন সামাদ ও খাজা নাফে। ১৩ বলে ২ চার ও ৪ ছক্কায় ৩৪ রান করেন সামাদ, আর ১৪ বলে ১ চারে ও ৭ ছক্কায় ৫০ রান আসে নাফের ব্যাট থেকে। অধিনায়ক আব্বাস আফ্রিদি শেষদিকে ৫ বলে ৩ ছক্কায় করেন ১৯ রান।
রান তাড়ায় শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। মাত্র ৩২ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে তারা। কিন্তু এরপর পাল্টা আক্রমণ চালান অধিনায়ক অ্যালেক্স রস ও ক্রিস গ্রিন। রস ৮ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৩৬ রান করেন, গ্রিন ১২ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৪৬ রান করে দলকে প্রায় জয়ের কাছাকাছি নিয়ে যান।
শেষ দিকে অ্যান্ড্রু টাই ৫ বলে ১০ রান করলেও শেষ বলে মাত্র ১ রানে হেরে যায় অস্ট্রেলিয়া। এই জয়ের মধ্য দিয়ে শিরোপার লড়াইয়ে জায়গা করে নিয়েছে পাকিস্তান। ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড ও কুয়েতের মধ্যে জয়ী দল।