বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
মুন্না হুসাইন, তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজির দাম কেজিতে ২০ টাকা কমেছে। এতে স্বস্তি প্রকাশ করছে নিম্ন ও মধ্য আয়ের ক্রেতারা। তবে বাজারে মনিটরিং জোরদার করা গেলে দাম আরও কমে যাবে বলে জানিয়েছেন তারা।
বৃহস্পতিবার ৭ নভেম্বর বিকেলে তাড়াশের ঐতিহ্যবাহী নওগাঁর হাটে ঘুরে এসব তথ্য জানা গেছে।
বাজার ঘুরে দেখা যায়, বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়ার ফলে বেশিরভাগ সবজির দাম কেজিতে ২০ টাকা পর্যন্ত কমেছে। গত সপ্তাহ ঢ্যাঁড়স ৬০ টাকা কেজিতে বিক্রি হলেও এখন কেজিতে ২০ টাকা কমে ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সবচেয়ে কমেছে কাঁচামরিচের দাম।
গত সপ্তাহে কাঁচামরিচ ১২০ টাকা কেজিতে বিক্রি হলেও এখন ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া কাঁকরোল ৮০ টাকা থেকে কমে ৬০, পটল ৬০ টাকা থেকে কমে ৪০, শিম ৮০ টাকা থেকে কমে ৭০, করলা ৬০ টাকা থেকে কমে ৫০, চিকন বেগুন ৫০ টাকা থেকে কমে ৪০, ধুন্দল ৪০ টাকা থেকে কমে ৩০, গোল বেগুন ৭০ টাকা থেকে কমে ৬০, মিষ্টি কুমড়া ৫০ টাকা থেকে কমে ৪০ ও চিচিঙ্গা ৪০ টাকা থেকে কমে ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
চায়না গাজর ১৬০, ঝিঙে ৪০, শসা ৩০, কাঁচা পেঁপে ২০, টমেটো ১২০, কচুরমুখী ৩০ টাকা কেজিতে, লাউ ৫০ টাকা পিস, কাঁচা কলা ৪০ হালি ও লেবু ৩০ টাকা হালিতে বিক্রি হচ্ছে।