সর্বশেষ সংবাদ :

জয়পুরহাটে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: জয়পুরহাটে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতি হওয়া মালামাল সহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন অস্ত্র ও সরঞ্জামাদি উদ্ধার করা হয়। শনিবার ৮ নভেম্বর দুপুরে নিজ সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে জয়পুরহাট পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাব এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলো, খুলনার রূপসা উপজেলার ইলাইপুর উত্তরপাড়া গ্রামের মজনু ফরাজির ছেলে রুবেল ফরাজী, গ্যালাক্সির মোড় এলাকার দ্বীন ইসলামের ছেলে সোহেল আবিদ, ঝালকাঠির নলছিটি উপজেলার মল্লিক বাড়ির মৃত আব্দুর রব মল্লিকের ছেলে জাহিদ হাসান ও বগুড়ার শিবগঞ্জ উপজেলার ভাটরা গ্রামের শামসুদ্দীনের ছেলে কামরুল ইসলাম।
পুলিশ সুপার জানান, গত ৪ সেপ্টেম্বর জেলার আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর গ্রামে এক প্রবাসীর বাড়িতে ডাকাতরা পরিবারের সদস্যদের হাত পা বেঁধে রেখে স্বর্ণালঙ্কার ও টাকা ডাকাতি করে নিয়ে যায়।
এছাড়া অতি সম্প্রতি আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ বাজারের এক বড় ব্যবসায়ী ও জেলার কালাই উপজেলার এক শিক্ষকের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়। এসব ঘটনায় থানায় পৃথক পৃথক মামলা দায়ের হলে পুলিশ ডাকাত দলকে ধরতে মাঠে নামে। এরই ধারাবাহিকতায় জয়পুরহাট ডিবি পুলিশের একটি বিশেষ টিম রাজধানীর ডিএমপি ও সাভার থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চার জনকে গ্রেপ্তার করে।
ডাকাত দলের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ডাকাতি হওয়া স্বর্ণালঙ্কার সহ বিভিন্ন মালামাল, ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেট কার, অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি। গ্রেপ্তারকৃত ডাকাত দলের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলার একাধিক মামলা রয়েছে বলে জানান পুলিশ সুপার।


প্রকাশিত: November 9, 2025 | সময়: 7:54 am | সুমন শেখ