আজ আফগানদের সামনে সিরিজ জয়ের হাতছানি টাইগারদের সমতা ফেরানোর সুযোগ

ফয়সাল আলমঃ বাংলাদেশ ও আফগানিস্তানের যুবাদের মধ্যে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি হবে আজ রোববার ( ৯ নভেম্বর) রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে।
আজকের শেষ ওয়ানডে ম্যাচটি আফগানদের যেমন সিরিজ জয়ের হাতছানি দিচ্ছে ঠিক তেমনি টাইগার যুবাদের দিচ্ছে সিরিজে সমতা ফেরানোর সুযোগ। বাংলাদেশের যুবারা আজকের এ ম্যাচ জিততে পারলে সিরিজে সমতা ফিরে আসবে। আর ম্যাচ হারলে সিরিজ জিতে যাবে আফগানিস্তানের যুবারা। পাঁচ ম্যাচ সিরিজে বগুড়ায় অনুষ্ঠিত প্রথম দুই ম্যাচ শেষে ১–০ ব্যবধানে এগিয়ে ছিল আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ। শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ম্যাচটি আলোকস্বল্পতার কারণে আগেভাগেই শেষ হয়। ডিএলএস পদ্ধতিতে ৫ রানে জয় পায় স্বাগতিকরা। তবে ঘন কুয়াশা ও ভেজা আউটফিল্ডের কারণে দ্বিতীয় ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়। বগুড়ায় পরাজিত হওয়া আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের যুবারা ঘুরে দাঁড়ায় রাজশাহীতে।
বগুড়ায় পিছিয়ে পড়ে রাজশাহীতে তৃতীয় ওয়ানডেতে সমতা ফেরায় তারা।চতুর্থ ওয়ানডেতে এসে এগিয়ে যায় ২-১ ব্যননধানে।
রাজশাহীর মাঠে জ্বলে উঠেছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের ফয়সাল খান। পরপর দুই ম্যাচে দু’টি শতক হাঁকিয়ে তিনি ইতিমধ্যেই তারকা বনে গেছেন। রাজশাহীতে তৃতীয় ওয়ানডেতে ১০৫ বল থেকে তিনি করেছিলেন ১০০ রান। আর চতুর্থ ওয়ানডেতে ১১৬ বল থেকে করেছিলেন ১১২ রান। বাংলাদেশের যুবাদের কাছে তিনি হয়ে উঠেছেন বিপজ্জনক এক খেলোয়াড়।
তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের যুবারা ১০২ রানের বিশাল ব্যবধানে হারলেও চতুর্থ ওয়ানডেতে হেরেছে ৪৭ রানে। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে চতুর্থ যুব ওয়ানডেতে লক্ষ্য তাড়া করতে নেমে ৪০ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। হারের শঙ্কা তখনই উঁকি দিয়েছিল। বাংলাদেশের ইনিংস মূলত টেনেছেন মোহাম্মদ আবদুল্লাহ ও দেবাশীষ সরকার। দু’জনের ১০৮ রানের জুটিতে বাংলাদেশ কিছুটা লড়াই করে। কিন্তু আবদুল্লাহ–দেবাশীষ জুটিতে রান তোলার গতি ছিল কম, প্রয়োজনীয় রান রেটের সঙ্গে পাল্লা দিতে পারেননি তাঁরা। ম্যাচ জয়ের আশা শেষ হয়ে গেলেও সেঞ্চুরির দিকে ছুটছিলেন আবদুল্লাহ। তবে যুব ওয়ানডে ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরিটি পাওয়া হয়নি তাঁর।১৬০ বলের ইনিংসে ৬ চার ও ২ ছক্কায় ৯৫ রান করেন তিনি।
আজকের শেষ ওয়ানডেতে কি হবে তা সময়ই বলে দেবে। বাংলাদেশ কি পারবে আফগানিস্তানের বিপজ্জনক ব্যাটসম্যান ফয়সালকে কম রানে সাজঘরে ফিরিয়ে আফগানদের বড় স্কোরে বাধা দিতে? নাকি ফয়সাল আগের দুই ম্যাচের মত শেষ ওয়ানডেতেও শতক হাঁকিয়ে দলকে গড়ে দেবেন বড় স্কোর যা আফগানিস্তানকে শেষ ওয়ানডে জিততে বড় ভুমিকা পালন করবে সাথে সিরিজও।


প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৫ | সময়: ৭:৫৪ পূর্বাহ্ণ | সুমন শেখ