সর্বশেষ সংবাদ :

শারীরিক শিক্ষা সহকারী শিক্ষক পদ বাতিলের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার: প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক শিক্ষার জন্য সহকারী শিক্ষকের পদ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে রাজশাহীর সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শারীরিক শিক্ষা কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। মানববন্ধনের সভাপতিত্ব করেন শহীদ জিয়াউর রহমান শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে শারীরিক শিক্ষার পাশাপাশি সংগীত শিক্ষাও সমান গুরুত্বপূর্ণ। তাই শারীরিক ও সংগীত সহকারী শিক্ষকের পদ পুনর্বহাল করতে হবে।
অধ্যক্ষ বিপ্লব বলেন, “আমরা কিছুদিন প্রজ্ঞাপন জারির অপেক্ষা করব। এর মধ্যে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হবে। তবে দ্রুত পদগুলো পুনর্বহাল না হলে সারাদেশে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে, প্রয়োজনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ঘেরাওয়ের মতো কর্মসূচিও নেওয়া হবে।”
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে শিক্ষক ও শিক্ষার্থীরা নানা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানান।
মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, শারীরিক শিক্ষা শিক্ষার্থীর সামগ্রিক বিকাশে অপরিহার্য। শারীরিক ও সংগীত শিক্ষক পদ বাতিলের সিদ্ধান্ত শিক্ষার মানকে ক্ষতিগ্রস্ত করবে। তারা আশা প্রকাশ করেন, সরকার দ্রুত এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে পদগুলো পুনর্বহাল করবে।


প্রকাশিত: November 8, 2025 | সময়: 7:01 am | সুমন শেখ