সর্বশেষ সংবাদ :

ফিফা দ্য বেস্ট ২০২৫: বর্ষসেরা খেলোয়াড়ের মনোনয়ন ঘোষণা

স্পোর্টস ডেস্ক: ব্যালন ডি’অর শেষ হতে না হতেই শুরু হয়ে গেল ফুটবল দুনিয়ার আরেক মর্যাদাপূর্ণ পুরস্কারের উত্তেজনা- ফিফা দ্য বেস্ট ২০২৫। প্রতি বছরের মতো এবারও এই আসরে মৌসুমের সেরা পারফর্মারদের সম্মান জানানো হবে। আর এরই মধ্যে ঘোষণা করা হয়েছে বছরের সেরা খেলোয়াড়ের মনোনয়ন তালিকা।
২০২৫ সংস্করণের জন্য মনোনীতদের মধ্যে সবচেয়ে বেশি নজর কাড়ছে প্যারিস সাঁ জার্মেই (পিএসজি)। এ ক্লাবের চারজন তারকা জায়গা পেয়েছেন এ তালিকায়। সর্বশেষ ব্যালন ডি’অরজয়ী উসমান দেম্বেলে এবার ফিফা দ্য বেস্ট জয়ের দৌড়েও রয়েছেন। যা তার জন্য হতে পারে একই বছরে এক অসাধারণ ‘ডাবল ট্রায়াম্ফ’। তার সতীর্থ আশরাফ হাকিমি, যিনি পুরো মৌসুমে ডান প্রান্তে দুর্দান্ত ছিলেন এবং নুনো মেন্ডেস, বামদিকে সমানভাবে প্রভাব বিস্তারকারী, দুজনেই আছেন মনোনয়নে। চতুর্থ পিএসজি তারকা ভিতিনহাও জায়গা করে নিয়েছেন তালিকায়।
বার্সেলোনা থেকেও এসেছে কয়েকটি পরিচিত নাম। ব্যালন ডি’অরের রানার-আপ লামিনে ইয়ামাল রয়েছেন ফিফা দ্য বেস্ট মনোনয়নে। তার সঙ্গে ক্লাব ও জাতীয় দলের সতীর্থ পেদ্রি, যিনি পুরো মৌসুমে মধ্যমাঠের প্রাণ ছিলেন, তাকেও দেখা যাচ্ছে প্রতিদ্বন্দ্বীদের মধ্যে। বার্সার আরেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় রাফিনহাও মনোনীত হয়েছেন, হানসি ফ্লিকের ট্রফিজয়ী দলের সাফল্যে তার অবদানের স্বীকৃতি হিসেবে।
এদিকে রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে, যিনি গোল আর অ্যাসিস্টে এখনও অপ্রতিরোধ্য, স্বাভাবিকভাবেই আছেন সংক্ষিপ্ত তালিকায়। বায়ার্ন মিউনিখের হ্যারি কেইন, সামনে থেকে গোলের জোয়ার তোলার জন্য স্থান পেয়েছেন মনোনয়নে। আর চেলসির তরুণ তারকা কোল পামার ও লিভারপুলের মিশরীয় জাদুকর মোহাম্মদ সালাহ এই মর্যাদাপূর্ণ তালিকাটি পূর্ণ করেছেন। এমন তারকায় ভরপুর মনোনয়ন তালিকা দেখে একটিই প্রশ্ন- ফিফা দ্য বেস্ট ২০২৫-এর মুকুট কার মাথায় উঠবে?
চমক রেখে আর্জেন্টিনার
নতুন স্কোয়াড ঘোষণা
স্পোর্টস ডেস্ক: নভেম্বর আন্তর্জাতিক উইন্ডোকে সামনে রেখে আর্জেন্টিনা ঘোষণা করেছে নতুন স্কোয়াড। যেখানে বড় চমক-দলে নেই বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তবে স্বস্তির খবর, আছেন দলের প্রাণভোমরা লিওনেল মেসি। নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন তিন তরুণ প্রতিভা।
আগেই ইঙ্গিত দিয়েছিলেন কোচ লিওনেল স্কালোনি এই উইন্ডোতে অভিজ্ঞদের বিশ্রাম দিয়ে তরুণদের সুযোগ দেবেন তিনি। সেই পরিকল্পনা অনুযায়ীই মার্টিনেজসহ কয়েকজন তারকাকে বিশ্রাম দিয়েছেন তিনি। আসন্ন প্রীতি ম্যাচটি আফ্রিকান প্রতিপক্ষ অ্যাঙ্গোলার বিপক্ষে। যা অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর। তার আগে স্পেনে হবে দলের সংক্ষিপ্ত প্রস্তুতি ক্যাম্প। কম গুরুত্বপূর্ণ এই ম্যাচের কারণে স্থানীয় ক্লাবগুলোর খেলোয়াড়দের না ডাকার সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। উদ্দেশ্য- দেশের ক্লাবগুলো যেন চলমান মৌসুমে খেলোয়াড় সংকটে না পড়ে। একই অবস্থান নিয়েছেন কোচ স্কালোনিও।
বাদ পড়েছেন যারা, ডাক পেয়েছেন নতুনরা: গত উইন্ডোর দলে থাকা লিয়েন্দ্রো পারেদেস, গঞ্জালো মন্টিয়েল, লাউতারো রিভেরো ও মার্কোস আকুনা এবার জায়গা পাননি। তাদের জায়গায় প্রথমবারের মতো দলে জায়গা পেয়েছেন জোয়াকিন পানিচেল্লি, জিয়ানলুকা প্রেস্টিয়ানি ও ম্যাক্সিমো পেরোনে। এছাড়া ফিরে এসেছেন তরুণ ডিফেন্ডার ভ্যালেন্টিন বার্কো।
২৩ বছর বয়সী স্ট্রাইকার পানিচেল্লি এখন ফরাসি ক্লাব স্ট্রাসবুরের হয়ে খেলছেন। লিগ ওয়ানে এ মৌসুমে ১১ ম্যাচে ৯ গোল করে নজর কাড়েন তিনি। অন্যদিকে অনূর্ধ্ব–২০ বিশ্বকাপে আলো ছড়ানো ১৯ বছর বয়সী প্রেস্টিয়ানি বর্তমানে পর্তুগিজ ক্লাব বেনফিকায় খেলছেন। এখনো অভিজ্ঞতা অর্জনের পর্যায়ে থাকা এই উইঙ্গারের পায়ে ১৭ ম্যাচে ১ গোল ও ২টি অ্যাসিস্ট।
২২ বছর বয়সী মিডফিল্ডার ম্যাক্সিমো পেরোনে খেলছেন ইতালির ক্লাব কোমোতে। যেখানে তার সতীর্থ নিকো পাজ। মূলত রক্ষণাত্মক মিডফিল্ডার হলেও আক্রমণ তৈরির দক্ষতায় স্কালোনির নজর কেড়েছেন তিনি। ২০২৪ সালের মার্চে এল সালভাদরের বিপক্ষে জাতীয় দলে অভিষেক হওয়া ভ্যালেন্টিন বার্কোও ফিরেছেন দলে। স্ট্রাসবুরের হয়ে এ মৌসুমে তার নামের পাশে আছে ১ গোল ও ৪ অ্যাসিস্ট।
অভিজ্ঞদের উপস্থিতি, মেসির খেলা অনিশ্চিত: দলে আছেন অধিনায়ক লিওনেল মেসি। যদিও তিনি খেলবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। অভিজ্ঞদের মধ্যে রয়েছেন রদ্রিগো ডি পল, ক্রিস্টিয়ান রোমেরো, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, নিকোলাস ওটামেন্ডি, নিকোলাস তালিয়াফিকো, নিকোলাস গঞ্জালেস ও জিওভান্নি লো সেলসো। হলুদ কার্ডজনিত নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজও। আর মার্টিনেজের অনুপস্থিতিতে গোলবার সামলাবেন জেরোনিমো রুলি ও ওয়াল্টার বেনিতেজ।
তরুণদের প্রতি স্কালোনির বিশ্বাস: দলের এই পরিবর্তন নিয়ে আর্জেন্টিনার কোচ স্কালোনি বলেছেন, “এটা তরুণদের শেখার এবং আন্তর্জাতিক মঞ্চের পরিবেশ বোঝার সুযোগ। অভিজ্ঞদের বিশ্রাম দরকার, আর ভবিষ্যতের জন্য নতুনদের প্রস্তুত করাই এখন লক্ষ্য।” বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাই নভেম্বর উইন্ডোকে ব্যবহার করছে একপ্রকার রিফ্রেশমেন্ট ক্যাম্প হিসেবে। যেখানে আগামী প্রজন্মের ফুটবলারদের প্রস্তুত করা হচ্ছে লিওনেল মেসিদের উত্তরসূরি হিসেবে।


প্রকাশিত: November 8, 2025 | সময়: 6:55 am | সুমন শেখ

আরও খবর