জাতিসংঘে আ.লীগের চিঠি, যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

সানশাইন ডেস্ক: পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয়- এমন নির্বাচনে সহযোগিতা থেকে সরে আসতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। জাতিসংঘে দেওয়া আওয়ামী লীগের চিঠিতে কোনো কাজ হবে না বলে মনে করছে অন্তর্বর্তী সরকার।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আওয়ামী লীগের দেওয়া চিঠির পরিপ্রেক্ষিতে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তৌহিদ হোসেন বলেন, জাতিসংঘে পাঠানো আওয়ামী লীগের চিঠি দিয়ে কোনো কাজ হবে না।
গত শনিবার ঢাকায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতিনিধি স্টেফান লিলার বরাবর পাঠানো চিঠিতে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয়— এমন নির্বাচনে সহযোগিতা থেকে সরে আসতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। দলের পক্ষে চিঠিটি পাঠিয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
চিঠিতে বলা হয়, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আমরা জাতিসংঘ এবং ইউএনডিপির প্রতি নির্বাচনি সহযোগিতা স্থগিত, সব রাজনৈতিক পক্ষের সঙ্গে জাতীয় সংলাপ ও সমঝোতাকে উৎসাহিত করার এবং যেকোনো নির্বাচনি সম্পৃক্ততার মূলভিত্তি হিসেবে মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রাখার আহ্বান জানাচ্ছি। আর বাংলাদেশে ইউএনডিপির নির্বাচনি সহযোগিতা, ব্যালট প্রজেক্ট এবং আসন্ন নির্বাচনের বিষয়ে সংস্থার প্রাতিষ্ঠানিক সহায়তার বিষয়ে আমরা গুরুতর উদ্বেগ প্রকাশ করছি, যে নির্বাচন অন্তর্ভুক্তিমূলকও নয়, বিশ্বাসযোগ্যও নয়।
এ ধরনের সম্পৃক্ততা আন্তর্জাতিক আইন, জাতিসংঘের মূলনীতি এবং অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন প্রসারের ক্ষেত্রে ইউএনডিপির ম্যান্ডেট লঙ্ঘনের ঝুঁকি তৈরি করে বলেও চিঠিতে বলা হয়।
ঢাকায় আসছে জাতিসংঘের প্রতিনিধিদল
সানশাইন ডেস্ক: জাতিসংঘের স্বল্পোন্নত দেশ বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের কার্যালয়ের পরিচালক রোনাল্ড মোলেরুসের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আগামী সপ্তাহে ঢাকা সফরে আসছে। বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের সময়সীমা পেছানোর দাবিতে ব্যবসায়ীদের বাড়তি উদ্বেগের কারণ মূল্যায়নে তাদের এই ঢাকা আগমন। আগামী ১০ থেকে ১৩ নভেম্বর তাদের ঢাকা সফর করার কথা আছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এলডিসি থেকে উত্তরণ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ রয়েছে। এখনই এলডিসি থেকে উত্তরণের পক্ষে নয় ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের আশঙ্কা-এলডিসি থেকে বেরিয়ে গেলে রফতানি খাত বড় ধরনের ধাক্কা খেতে পারে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাজ্যসহ প্রধান বাজারগুলোতে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা হারালে রফতানি আয় ৬ থেকে ১৪ শতাংশ পর্যন্ত হ্রাস পাওয়ার আশঙ্কা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, জাতিসংঘের স্বল্পোন্নত দেশ-বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের কার্যালয়ের পরিচালক রোনাল্ড মোলেরুসের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আগামী ১০ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ঢাকা সফর করার কথা রয়েছে। এলডিসি থেকে উত্তরণের সময়সীমা পেছানোর দাবিতে ব্যবসায়ীদের বাড়তি উদ্বেগের প্রেক্ষাপটে তাদের এই সফর। তারা পরিস্থিতি সরেজমিন মূল্যায়ন করবেন। পরিস্থিতি মূল্যায়নের জন্য প্রতিনিধিদলটি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, ব্যবসায়ী সংগঠন, নাগরিক সমাজ ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে বৈঠক করবে।


প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৫ | সময়: ৫:৪১ পূর্বাহ্ণ | সুমন শেখ