ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রায়হানের

স্টাফ রিপোর্টার: ‘ধানের শীষ প্রতীক আমাদের গর্ব ও আদর্শের প্রতীক। দলীয় সিদ্ধান্তই বড় বিএনপি দল যাকে প্রার্থী করবে, আমরা সবাই মিলে তাকে বিজয়ী করব। সেই লক্ষ্যে সবার আগে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।’ বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় পবা উপজেলার দাশপুকুর মোড়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন জেলা বিএনপির সদস্য মো. রায়হানুল আলম রায়হান। জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রায়হানুল আলম রায়হান বলেন,“এই তালিকাই চূড়ান্ত নয়। তবে তফসিল ঘোষণার পর ‘অ্যাপ্রোপ্রিয়েট’ সিদ্ধান্ত আসবে। পবা-মোহনপুর আসনের মানুষের সঙ্গে ছিলাম, আছি এবং থাকব। শেষ পর্যন্ত ধানের শীষের বিজয় হবেই। এই আসনের জনগণের জন্য সবসময় কাজ করে যাব। দল যেভাবে চায়, সেভাবেই কাজ করব।”
‘আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে করণীয়’ শীর্ষক ওই আলোচনা সভার আয়োজন করে পবা উপজেলা ও মোহনপুর উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। সভায় সভাপতিত্ব করেন পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন। সঞ্চালনা করেন হড়গ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াজ। এসময় বক্তব্য রাখেন পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পারিলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খায়রুল ইসলাম, নওহাটা পৌর কৃষকদলের আহ্বায়ক রবিউল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাজদার হোসেনসহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৫ | সময়: ৫:৪০ পূর্বাহ্ণ | সুমন শেখ