বাগমারায় পুকুরে মাছ নিধনের ঘটনায় বিএনপি নেতার সংবাদ সম্মেলন

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা হাবিবুর রহমান।
বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ সংলগ্ন সেই পুকুরপাড়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, ‘অজ্ঞাত দুর্বৃত্তরা গভীর রাতে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় পৌনে দুই কোটি টাকার মাছ নষ্ট করেছে। এ ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
তিনি আরও বলেন, এ ধরনের ন্যক্কারজনক কর্মকাণ্ড এলাকার শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করছে। প্রশাসনকে অনুরোধ করছি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।
সোমবার দিবাগত রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা আমার মালিকানাধীন পুকুরে বিষ প্রয়োগ করে। ফলে বিপুল পরিমাণ মাছ মরে ভেসে ওঠে। এতে আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় পৌনে ২ কোটি টাকা।
হাবিবুর রহমান অভিযোগ করে বলেন, আমি বিএনপির মনোনয়ন বঞ্চিত উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেনের অনুসারী। রাজনৈতিক কারণে আমার পুকুরে বিষ প্রয়োগ করে এ ক্ষতি করা হয়েছে।
দীর্ঘদিন ধরে আমি মাছ চাষ ও ইটভাটার ব্যবসার সঙ্গে জড়িত। একটি পক্ষ রাজনৈতিক কারণে আমাকে হুমকি দিয়ে আসছিল। দ্রুত সময়ের মধ্যে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জোর দাবি জানাচ্ছি।
এ ঘটনায় বাগমারা থানায় বোয়ালিয়া গ্রামের আয়নাল হকের নাম উল্লেখ সহ বেশ কয়েকজনকে অজ্ঞাতে দেখিয়ে একটি অভিযোগ দায়ের করেন ক্ষতিগ্রস্ত চেয়ারম্যান হাবিবুর রহমান।
সংবাদ সম্মেলনে ছিলেন, বিএনপি নেতা মাষ্টার আনিসুর রহমান, আব্দুস সালাম, আহসান হাবিব, আনোয়ার পারভেজ, আব্দুর রউফ, রেজাউল করিম, ফিরোজুল ইসলাম সহ এলাকাবাসী।
বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৫ | সময়: ৫:৩৮ পূর্বাহ্ণ | সুমন শেখ