সর্বশেষ সংবাদ :

র‌্যাংকিংয়ে বড় লাফ তানজিদের, মেহেদি-তানজিমের উন্নতি

স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা দুই ম্যাচে ব্যাটে ঝড় তুলেছিলেন তানজিদ হাসান। সেই ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার মিলল আইসিসির সর্বশেষ র‌্যাংকিংয়ে। ব্যাটারদের তালিকায় ২০ ধাপ এগিয়ে বাংলাদেশের ওপেনার এখন ক্যারিয়ারসেরা ১৭তম স্থানে।
প্রকাশিত টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সাপ্তাহিক হালনাগাদে ব্যাটসম্যানদের মধ্যে বাংলাদেশের শীর্ষস্থান এখন তানজিদের দখলে। বোলারদের তালিকাতেও সুখবর আছে বাংলাদেশের জন্য। ৬ ধাপ এগিয়ে যৌথভাবে ১৭তম স্থানে উঠেছেন শেখ মেহেদি হাসান। তিন ধাপ উন্নতি করে ৩৪তম স্থানে আছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব।
চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪৮ বলে ৬১ রানের ইনিংস খেলেছিলেন তানজিদ। শেষ ম্যাচে আরও ঝলমলে ব্যাটিং, ৬২ বলে ৮৯ রান, চারটি ছক্কা ও নয়টি চারে সাজানো ক্যারিয়ার সেরা ইনিংস। র‌্যাংকিংয়ের শীর্ষে আগের মতোই ভারতের অভিষেক শর্মা। পাকিস্তানের বাবর আজম ৯ ধাপ এগিয়ে এখন যৌথভাবে ৩০ নম্বরে। তার সতীর্থ সাইম আইয়ুব ১০ ধাপ উন্নতি করে ৩৯তম স্থানে।
বোলারদের তালিকায় ভারতের বরুণ চক্রবর্তী আগের মতোই শীর্ষে রয়েছেন। ২ ধাপ এগিয়ে ১০ম স্থানে অস্ট্রেলিয়ার জশ হেজেলউড, ৩ ধাপ উন্নতি করে ১৩তম স্থানে শাহিন শাহ আফ্রিদি। তার পরেই ১৩ ধাপ অগ্রগতি নিয়ে রয়েছেন আফগানিস্তানের মুজিব উর রাহমান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচে ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন মেহেদি। দ্বিতীয় ম্যাচে উইকেট না পেলেও তানজিমের নিয়ন্ত্রিত বোলিং নজর কাড়ে।
দুই ম্যাচে ৫ উইকেট নেওয়া রিশাদ হোসেন দুই ধাপ নেমে ২৬তম স্থানে, এক ধাপ পিছিয়ে ৩০ নম্বরে নাসুম আহমেদ। বাংলাদেশের মধ্যে বোলারদের র‌্যাংকিংয়ে এখনো সবার ওপরে মোস্তাফিজুর রহমান, যদিও এক ধাপ পিছিয়ে ১২তম স্থানে নেমেছেন তিনি। টি-টোয়েন্টি অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে আছেন পাকিস্তানের সাইম আইয়ুব। তিন ধাপ এগিয়ে দুইয়ে উঠেছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা, আর ছয় ধাপ উন্নতি করে তিনে ওয়েস্ট ইন্ডিজের রোস্টন চেইস।


প্রকাশিত: November 6, 2025 | সময়: 4:12 am | সুমন শেখ