, , ।
আক্কেলপুর প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুরে একাধিক ডাকাতি মামলার আসামি রবিউল ইসলাম ও তার পরিবারের সদস্যদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কাশিড়া বাজারে এলাকাবাসীর ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে ডাকাতি মামলার আসামি রবিউল ইসলাম ও তার পরিবারের সদস্যদের আইনের আওতায় আনতে সংবাদ সম্মেলনে দাবি করেন স্থানীয়রা। রবিউল ইসলাম দীর্ঘদিন থেকে এলাকায় ডাকাতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের সঙ্গে জড়িত বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তারা। মানববন্ধনে এলাকার শতাধিক মানুষ অংশ নেন এবং দ্রুত অভিযুক্তদের দৃষ্টান্ত মূলক শস্তির দাবি জানানো হয়।
অভিযুক্ত রবিউল ইসলাম কাশিড়া কুমির পুকুর এলাকার মৃত জহির উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে বগুড়া ও জয়পুরহাটসহ আশপাশের বিভিন্ন থানায় ডাকাতি, ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় তিনি ত্রাস সৃষ্টি করে আসছেন।
মানববন্ধন ও সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, কাশিড়া বাজার বণিক সমিতির সভাপতি বিপ্লব সাখিদার, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ইউপি সদস্য সেলিম মাহমুদ, বিএনপি নেতা মামুনুর রশিদ, ব্যবসায়ী আব্দুল ওয়াহেদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, রবিউল ইসলাম একজন কুখ্যাত সন্ত্রাসী। তিনি ও তার পরিবারের সদস্যরা চুরি, ডাকাতি, চাঁদাবাজি এবং ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপরাধে জড়িত। সম্প্রতি এলাকায় হিন্দু জন গোষ্ঠির কাছ থেকে হত্যার হুমকি দিয়ে ৪০ হাজার টাকা চাঁদা দাবি করে। কেউ প্রতিবাদ করলে তাদের ওপর হামলা চালানো হয়। সম্প্রতি এলাকাবাসী রবিউল ইসলামকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করলেও পরে তার পরিবারের সদস্যরা উল্টা স্থানীয়দের বিরুদ্ধে মামলা করেছেন।
মানববন্ধন শেষে সংবাদ সম্মেলনে স্থানীয় ইউপি সদস্য সেলিম মাহমুদ বলেন, রবিউল ও তার পরিবারের সদস্যদের কারণে আমরা সবসময় আতঙ্কে থাকি। তারা এলাকায় সব ধরনের অপরাধের সঙ্গে জড়িত। সম্প্রতি তাকে পুলিশ ধরে নিয়ে যাওয়ার পর তার পরিবারের সদস্যরা আমাদের প্রাণ নাশের হুমকী দিয়ে আসছেন। এতেও তারা ক্ষ্যান্ত না হয়ে স্থানীয় ব্যবসায়ী বিপ্লব সাখিদারসহ কয়েকজনের উপর অতর্কিত হামলা করে গুরুতর আহত করেছে। প্রশাসনের কাছে আমাদের দাবি রবিউলের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।
এ বিষয়ে কথা বলতে রবিউলের বাড়িতে গিয়ে এবং মুঠোফোনে যোগাযোগ করেও কাউকে পাওয়া যায়নি।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, রবিউল ইসলাম এই এলাকার চিহ্নিত অপরাধী। কয়েকদিন আগে ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। বগুড়ার আদমদিঘী থানার একটি ডাকাতি প্রস্তুতির মামলায় বর্তমানে সে কারাগারে রয়েছে।