, , ।
ফয়সাল আলম: আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ঘরের মাঠে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ যুব দল। তবে চলমান সিরিজের মাঝপথেই বদলে গেছে সূচি।
বগুড়ায় অনুষ্ঠিত প্রথম দুই ম্যাচ শেষে ১–০ ব্যবধানে এগিয়ে আছে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ। শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ম্যাচটি আলোকস্বল্পতার কারণে আগেভাগেই শেষ হয়। ডিএলএস পদ্ধতিতে ৫ রানে জয় পায় স্বাগতিকরা। তবে ঘন কুয়াশা ও ভেজা আউটফিল্ডের কারণে দ্বিতীয় ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়।
আগের সূচি অনুযায়ী, শেষ তিন ওয়ানডে রাজশাহীতে হওয়ার কথা ছিল ৩, ৬ ও ৯ নভেম্বর। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে সূচিতে পরিবর্তন এনে বিসিবি জানিয়েছে রাজশাহীতে অনুষ্ঠিতব্য সিরিজের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ওয়ানডে এখন হবে যথাক্রমে ৫, ৭ ও ৯ নভেম্বর।
পরবর্তীত সূচী অনুযায়ী বাংলাদেশ ও আফগানিস্তানের যুবাদের মধ্যে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচটি হবে বুধবার ( ৫ নভেম্বর) উত্তরাঞ্চলের শহর রাজশাহীর বিভাগীয় স্টেডিয়ামে।
এরপর একই ভেন্যুতে সিরিজের পরের দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ৭ ও ৯ নভেম্বর। সিরিজ শেষে ১০ নভেম্বর বাংলাদেশ ছাড়বে আফগানিস্তানের যুবারা।
বগুড়ায় সিরিজের প্রথম ওয়ানডেতে গত মঙ্গলবার (২৮ অক্টোবর) বৃষ্টি আইনে আফগানিস্তানকে ৫ রানে হারায় বাংলাদেশ।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে শুক্রবার (৩১ অক্টোবর) বাংলাদেশ ও আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু আগের দিনের বৃষ্টিতে মাঠ ভেজা থাকার কারণে মাঠেই নামতে পারেনি দু’দল। ফলে টস ছাড়াই ম্যাচটি বাতিল হয়ে যায়।
রাজশাহীর ভেন্যু ম্যানেজার সাইফুল্লাহ খান জেম জানিয়েছেন,উভয় দলই শনিবার (১ নভেম্বর) রাজশাহীতে এসে পৌঁছেছে। উভয় দলের জন্যই আবাসনের ব্যবস্থা করা হয়েছে রাজশাহীর গ্র্যান্ড রিভরভিউ হোটেলে। পরের দিন থেকে উভয় দলই রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে সূচী অনুযায়ী অনুশীলন করছে। সবচেয়ে আনন্দের খবর হলো,রাজশাহীর এই তিন ম্যাচের জন্য দর্শকদের কোনো টিকিট কাটতে হবে না। টিকিট ছাড়াই গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন দর্শকরা। তিনি আরও জানান, আফগান যুবাদের বিপক্ষে বাংলাদেশ যুবাদের ম্যাচ আয়োজনে রাজশাহী ভেন্যু প্রস্তুত রয়েছে।
এদিকে রাজশাহী ভেন্যুর এই তিন ওয়ানডেকে ঘিরে ক্রিকেট প্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। শনিবার (১ নভেম্বর) বিকেলে রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম গেটে কথা হয় বেশ কয়েকজন ক্রিকেটপ্রেমী যুবকের সাথে। তারা বলেন,আমরা রাজশাহীতে ক্রিকেট ম্যাচ দেখার জন্য উম্মুখ হয়ে আছি। তারা বলেন,এর আগে রাজশাহীতে এনসিএল টি-২০ ম্যাচ দেখার জন্য টিকিট কেটেও বৃষ্টির কারণে ম্যাচ না হওয়ায় দেখতে পাইনি। আবার সুযোগ এসেছে। এ সুযোগ নষ্ট করা যাবে না। আমরা অবশ্যই খেলা দেখতে যাবো।
রাজশাহীতে বর্তমানে চমৎকার আবহাওয়া বিরাজ করছে। বৃষ্টি চলে গেছে,মেঘও কেটে গেছে। সকাল থেকেই রোদ উঠছে। রোদের তাপ কমে গেছে। হালকা শীত পড়তে শুরু করেছে। এরকম আবহাওয়ায় রাজশাহীর ক্রিকেটপ্রেমীরা দারুণ ক্রিকেট ম্যাচ উপভোগ করবে বলেই আশা করা হচ্ছে।