, , ।
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারি হাসপাতালের জরুরি বিভাগে পাওয়া চিকিৎসা ব্যবস্থার ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। রোববার সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে তিনি হাসপাতালের ভীতিকর বাস্তবতা বর্ণনা করে লিখেছেন কারও যাতে রোগ-বালাই না হয়ে মৃত্যু হলেই ভালো।
নিগার সুলতালা পোস্টে লিখেছেন, ‘সরকারি হাসপাতালে জরুরি বিভাগে ডাক্তার নাই। প্রাইভেট সেন্টার এ সিজার করবে এমন রুগী বেশী প্রাধান্য পায়, টেস্ট করাইতে গেলে আরও খুশি- চিকিৎসা ব্যবস্থা নিয়ে কিছু বলার নাই।’ তিনি ক্ষোভ প্রকাশ করে আরও লেখেন, ‘আজ নিজের চোখে যা দেখলাম, বুঝলাম মনে হলো আল্লাহ কাউকে রোগ বালাই দিয়ো না, একদম ডিরেক্ট মৃত্যু দিয়ো।’
নিগারের সরাসরি অভিজ্ঞতা ও ক্ষোভ সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকে তার সঙ্গে সহমত পোষণ করেছেন। অনেকে সরকারি স্বাস্থ্যব্যবস্থার দীর্ঘদিনের সমস্যাগুলোকে পুনরায় সামনে এনেছেন। কয়েকজন মন্তব্য করেছেন, হাসপাতালগুলোতে পর্যাপ্ত চিকিৎসক ও সরঞ্জামের অভাব দেশের স্বাস্থ্যনীতির ব্যবস্থাপনাগত ব্যর্থতারই লক্ষণ। আবার কেউ বলেন, নির্দিষ্ট সময়ের বাইরে জরুরি বিভাগে ডাক্তার উপস্থিতি নিশ্চিত করতে প্রশাসনের তৎপরতা বাড়াতে হবে।