সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে টিকিট ছাড়াই বাংলাদেশ- আফগান ক্রিকেট ম্যাচ দেখার সুযোগ

ফয়সাল আলম: বাংলাদেশ ও আফগানিস্তানের যুবাদের মধ্যে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচটি হবে সোমবার ( ৩ নভেম্বর) উত্তরাঞ্চলের শহর রাজশাহীর বিভাগীয় স্টেডিয়ামে।
এরপর একই ভেন্যুতে সিরিজের পরের দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ৬ ও ৯ নভেম্বর। সিরিজ শেষে ১০ নভেম্বর বাংলাদেশ ছাড়বে আফগানিস্তানের যুবারা।
বগুড়ায় সিরিজের প্রথম ওয়ানডেতে গত মঙ্গলবার (২৮ অক্টোবর) বৃষ্টি আইনে আফগানিস্তানকে ৫ রানে হারায় বাংলাদেশ।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে শুক্রবার (৩১ অক্টোবর) বাংলাদেশ ও আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু আগের দিনের বৃষ্টিতে মাঠ ভেজা থাকার কারণে মাঠেই নামতে পারেনি দু’দল। ফলে টস ছাড়াই ম্যাচটি বাতিল হয়ে যায়।
সোমবার (৩ নভেম্বর) রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচ।
রাজশাহীর ভেন্যু ম্যানেজার সাইফুল্লাহ খান জেম জানিয়েছেন,উভয় দলই রাজশাহীতে এসে পৌঁছেছে। তাদের আবাসনের ব্যবস্থা করা হয়েছে রাজশাহীর গ্র্যান্ড রিভরভিউ হোটেলে। সবচেয়ে আনন্দের খবর হলো,রাজশাহীর এই তিন ম্যাচের জন্য দর্শকদের কোনো টিকিট কাটতে হবে না। টিকিট ছাড়াই গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন দর্শকরা। তিনি আরও জানান, আফগান যুবাদের বিপক্ষে বাংলাদেশ যুবাদের ম্যাচ আয়োজনে রাজশাহী ভেন্যু প্রস্তুত রয়েছে।
এদিকে রাজশাহী ভেন্যুর এই তিন ওয়ানডেকে ঘিরে ক্রিকেট প্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। শনিবার (১ নভেম্বর) বিকেলে রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম গেটে কথা হয় বেশ কয়েকজন ক্রিকেটপ্রেমী যুবকের সাথে। তারা বলেন,আমরা রাজশাহীতে ক্রিকেট ম্যাচ দেখার জন্য উম্মুখ হয়ে আছি। তারা বলেন,এর আগে রাজশাহীতে এনসিএল টি-২০ ম্যাচ দেখার জন্য টিকিট কেটেও বৃষ্টির কারণে ম্যাচ না হওয়ায় দেখতে পাইনি। আবার সুযোগ এসেছে। এ সুযোগ নষ্ট করা যাবে না।


প্রকাশিত: November 2, 2025 | সময়: 6:37 am | সুমন শেখ

আরও খবর