সর্বশেষ সংবাদ :

এশিয়া কাপ রাইজিং স্টার্সে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: এশিয়ার তরুণ ক্রিকেটারদের জন্য শুরু হতে যাচ্ছে এক নতুন আসর ‘এশিয়া কাপ রাইজিং স্টার্স।’ আজ আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
কাতারের রাজধানী দোহার মাঠে গড়াবে টুর্নামেন্টটি। গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত এশিয়া কাপের আদলে এবারও অংশ নিচ্ছে আটটি দল। বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বাংলাদেশ ‘এ’ দল। এছাড়া থাকছে ভারত ‘এ’, পাকিস্তান ‘এ’, শ্রীলঙ্কা ‘এ’, আফগানিস্তান ‘এ’, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং চায়না।
দলগুলো দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে লিগ পর্বের ম্যাচ। ‘এ’ গ্রুপে বাংলাদেশ ‘এ’, শ্রীলঙ্কা ‘এ’, আফগানিস্তান ‘এ’, হংকং চায়না। ‘বি’ গ্রুপে ভারত ‘এ’, পাকিস্তান ‘এ’, ওমান, সংযুক্ত আরব আমিরাত। ১৪ নভেম্বর পাকিস্তান ও ওমানের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের রাইজিং স্টার্স আসরের।
বাংলাদেশ ‘এ’ দলের ম্যাচসূচি: ১৫ নভেম্বর, দুপুর ১২:৩০- বাংলাদেশ বনাম হংকং চায়না। ১৭ নভেম্বর, রাত ৮:৩০- বাংলাদেশ বনাম আফগানিস্তান ‘এ’। ১৯ নভেম্বর, রাত ৮:৩০- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ‘এ’।
গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল খেলবে সেমিফাইনালে। দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ২১ নভেম্বর। প্রথমটি বিকেল ৩টা ৩০মিনিটে, দ্বিতীয়টি রাত ৮টা ৩০মিনিটে। চ্যাম্পিয়ন নির্ধারণী ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ নভেম্বর, রবিবার, রাত ৮টা ৩০ মিনিটে।


প্রকাশিত: November 1, 2025 | সময়: 4:01 am | সুমন শেখ

আরও খবর