সর্বশেষ সংবাদ :

অস্ট্রেলিয়ায় নেটে বলের আঘাতে তরুণ ক্রিকেটারের মর্মান্তিক মৃত্যু

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের ফার্নট্রি গালিতে নেটে অনুশীলনের সময় বলের আঘাতে প্রাণ হারিয়েছে ১৭ বছর বয়সী তরুণ ক্রিকেটার বেন অস্টিন। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
বেন তখন হেলমেট পরা অবস্থায় অনুশীলন করছিলেন, তবে তার গলায় সুরক্ষা দিতে ব্যবহৃত ‘নেক গার্ড’ ছিল না। এক সতীর্থ হাতে ধরা বল ছোড়ার যন্ত্র ‘ওয়্যাঙ্গার’ দিয়ে বল ছুড়লে তা বেনের ঘাড়ে আঘাত করে।
ঘটনাস্থলেই জরুরি সেবা কর্মীরা এসে তাকে হাসপাতালে নিয়ে যান। সংকটজনক অবস্থায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়, কিন্তু বৃহস্পতিবার তার মৃত্যু হয়। বেনের বাবা জেস অস্টিন এক বিবৃতিতে বলেন, ‘আমাদের সুন্দর বেনের মৃত্যুতে আমরা ভেঙে পড়েছি। সে ছিল প্রিয় সন্তান, ভাই কুপার ও জ্যাকের স্নেহভাজন ভাই এবং পরিবার ও বন্ধুদের জীবনের উজ্জ্বল আলো।’
তিনি আরও বলেন, ‘এই ট্র্যাজেডি আমাদের কাছ থেকে বেনকে কেড়ে নিয়েছে, তবে কিছুটা সান্ত্বনা পাই এই ভেবে যে, সে সেই কাজই করছিল যা সে সবচেয়ে ভালোবাসত-গ্রীষ্মের দিনে বন্ধুদের সঙ্গে নেটে ক্রিকেট খেলতে।’ জেস জানান, দুর্ঘটনার সময় যিনি বল ছুড়ছিলেন, সেই সতীর্থকেও তারা মানসিকভাবে সহায়তা দিচ্ছেন, ‘এই দুর্ঘটনায় দুই তরুণ আক্রান্ত হয়েছে, আমাদের চিন্তা ও সহানুভূতি সেই ছেলেটি ও তার পরিবারের প্রতিও।’
ক্রিকেট ভিক্টোরিয়ার প্রধান নির্বাহী নিক কামিন্স বলেন, এটি ‘অত্যন্ত কঠিন সময়’ এবং পুরো ক্রিকেট মহল শোকে স্তব্ধ। ‘ঘটনাটি অনেকটা ফিল হিউজের মৃত্যুর মতোই। বলটি ঘাড়ে আঘাত করেছিল’, বলেন কামিন্স। এর আগে ২০১৪ সালে ফিলিপ হিউজ শেফিল্ড শিল্ডে ব্যাট করার সময় বলের আঘাতে ঘাড়ে গুরুতর চোট পেয়ে মারা যান। তার মৃত্যুর পর থেকেই ক্রিকেটে নেক গার্ড ব্যবহারে গুরুত্ব বাড়ে।
বেন খেলতেন ফার্নট্রি গালি ক্রিকেট ক্লাবের হয়ে। ক্লাবটি সামাজিক মাধ্যমে তাকে শ্রদ্ধা জানিয়ে লিখেছে, “বেন আমাদের ক্লাবের আনন্দের প্রতীক ছিল। সবাইকে অনুরোধ করছি, বেনির প্রতি শ্রদ্ধা জানাতে ‘বেটস আউট ফর বেনি’ কর্মসূচিতে অংশ নিন।


প্রকাশিত: November 1, 2025 | সময়: 4:01 am | সুমন শেখ

আরও খবর