সর্বশেষ সংবাদ :

শিবগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় অধ্যাপক শাহজাহান : নির্বাচনকে সামনে রেখে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে

স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৯ অক্টোবর বিকেলে শহরের ফায়ার সার্ভিস মোড় থেকে শুরু হয়ে র‌্যালিটি শিবগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ মোড়ে গিয়ে পথসভার মধ্য দিয়ে শেষ হয়।
দলটির প্রতীক, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানের ছবি সহ নানা রকম ফেস্টুনে সাজিয়ে তোলা হয় র‌্যালিটি। প্রায় এক কিলোমিটার দীর্ঘ এ র‌্যালিতে নেতাকর্মীদের ব্যান্ডের তালে তালে উৎসব মুখর পরিবেশে নেচে গেয়ে ধানের শীষ প্রতীকে ভোট চাইতে দেখা যায়।
এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিঞা।
তিনি বলেন, নির্বাচন যতই ঘনিয়ে আসছে বিএনপির বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র বাড়ছে। সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবে এবং ক্ষমতায় আসবে। আসন্ন নির্বাচনে তিনি একজন সম্মুখ সারির মুক্তিযোদ্ধা হিসাবে এই আসনে অপ্রতিদ্বন্দ্বী প্রার্থী। তাই তিনি বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটের অধিকার ফেরাতে যুবদলকে অগ্রণী ভূমিকা নিতে হবে। শহীদ জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যুব সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
এসময় আরও ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হক, সদস্য সচিব তোসিকুল আলম, পৌর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলী আহমেদ বাবু সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


প্রকাশিত: October 30, 2025 | সময়: 3:14 am | সুমন শেখ

আরও খবর