, , ।
রানা হামিদ, বদলগাছী: ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারের সঙ্গে আধুনিক সংযোগ সড়ক নির্মাণ প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত জমি আনুষ্ঠানিকভাবে সড়ক ও জনপদ বিভাগকে হস্তান্তর করেছে জেলা প্রশাসন।
‘নওগাঁ সড়ক বিভাগাধীন ৩টি আঞ্চলিক ও ৩টি জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় বদলগাছী উপজেলার পাহাড়পুর বাজার থেকে পাহাড়পুর বৌদ্ধবিহার (জেড-৫৪৫৩) পর্যন্ত সড়ক উন্নয়ন প্রকল্পের জন্য মোট ৯.৯২৬০ একর জমি অধিগ্রহণ করা হয়। মঙ্গলবার ২৮ অক্টোবর বেলা ১১টার পর বদলগাছীর পাহাড়পুর গোয়ালভিটা মোড়ে মাটিতে দাগ কেটে জায়গা বুঝিয়ে দেওয়ার মাধ্যমে জমি হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।
পাহাড়পুর বৌদ্ধবিহার কর্তৃপক্ষ জানায়, ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য পাহাড়পুর বৌদ্ধবিহারে পৌঁছানোর বর্তমান সরু ও আঁকাবাঁকা সড়ক দিয়ে দর্শনার্থীদের দুর্ভোগ পোহাতে হয়। নতুন এই আধুনিক সড়ক নির্মাণ হলে বিহারে যাতায়াতে ভিন্নমাত্রা যোগ হবে এবং পর্যটন সুবিধা আরও বৃদ্ধি পাবে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মোহাইমিনুল ইসলাম মামুন অধিগৃহীত জমির কাগজপত্র নওগাঁ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদুল হকের নিকট হস্তান্তর করেন।
এ সময় নির্বাহী প্রকৌশলী রাশেদুল হক বলেন, ‘পাহাড়পুর একটি গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা, কিন্তু যোগাযোগ ব্যবস্থা এখনো সীমিত। প্রায় ৫৫০ মিটার দৈর্ঘ ও ৩৫ ফুট প্রস্থের আধুনিক এই সড়ক নির্মাণের মাধ্যমে আমরা দর্শনার্থীদের জন্য আরামদায়ক ও নিরাপদ যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে চাই।’
তিনি আরও জানান, সড়কের পাশে থাকবে দৃষ্টিনন্দন লেক, গোয়ালভিটা মোড়ে হবে গোলচত্বর, দুই পাশে নির্মিত হবে পাহাড়পুরের আদলে ফুটপাত, সোলার লাইটিং, মুক্ত মঞ্চ, পাবলিক টয়লেট, গাড়ি পার্কিং ও বিশ্রামাগার। এ প্রকল্প বাস্তবায়িত হলে শুধুমাত্র বদলগাছী নয়, পুরো জেলার পর্যটন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ উদ্দিন, উপসহকারী বিভাগীয় প্রকৌশলী নুরে আলম সিদ্দিকী এবং কাস্টোডিয়ান মুহাম্মদ ফজলুল করিম। কাস্টোডিয়ান মুহাম্মদ ফজলুল করিম বলেন, ‘সড়কটি নির্মাণ হলে এলাকার চিত্রই বদলে যাবে। দু’পাশে দোকানপাট ও ব্যবসা-বাণিজ্য গড়ে উঠবে, যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।’