নলডাঙ্গায় ভেজাল বীজ ও কীটনাশক রাখায় ৩৫ হাজার টাকা জরিমানা

নলডাঙ্গা প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় ভেজাল বীজ ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখায় ৩ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালত ৩৫ হাজার টাকা জরিমানা করেছে। ২৯ অক্টোবর বুধবার দুপুরে নলডাঙ্গা পৌর বাজারে জেলা বীজ প্রত্যয়ন অফিসার রাকিবুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাজ্জাদ হোসাইন, নাহিদুল ইসলাম এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোরের সহকারী পরিচালক নাজমুল হাসান।
অভিযানে সেলিম বীজ ভান্ডারকে মেয়াদোত্তীর্ণ বীজ সংরক্ষণের দায়ে ৫ হাজার টাকা, আরপি ভ্যারাইটি স্টোরকে মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুদ রাখার অপরাধে ১০ হাজার টাকা, এছাড়া সোনাপাতিল বাজারের রবিউল বীজ ভান্ডারকে স্থানীয় জাতের ধান ‘সুবর্ণ লতা’ নামে প্রতারণামূলকভাবে মানহীন বীজ প্যাকেটজাত করে মানসম্মত ট্যাগ লাগিয়ে বিক্রির অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, কৃষিপণ্যের গুণগতমান নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৫ | সময়: ৩:১৪ পূর্বাহ্ণ | সুমন শেখ