সর্বশেষ সংবাদ :

রাওয়ালপিন্ডিতে ধস, পাকিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার দাপুটে জয়

স্পোর্টস ডেস্ক: রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে তখন পিনপতন নীরবতা। দুই বল খেলে কাভারে ধরা পড়লেন বাবর আজম। ফেরার ম্যাচে সাবেক অধিনায়কের ব্যর্থতার দিনে ব্যর্থ পাকিস্তানও। রিজা হেনড্রিকসের ফিফটি, কর্বিন বশের বিধ্বংসী বোলিং আর জর্জ লিন্ডার অলরাউন্ড নৈপুণ্যে প্রথম টি-টোয়েন্টিতে ৫৫ রানের বড় জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচ সিরিজের প্রথম খেলায় মঙ্গলবার সফরকারীদের জয় আসে ১৯৪ রানের সংগ্রহ গড়ে পাকিস্তানকে ১৩৯ রানে গুটিয়ে দিয়ে। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে প্রোটিয়ারা।
টস হেরে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা পায় দক্ষিণ আফ্রিকা। রিজা হেনড্রিকস ও কুইন্টন ডি ককের ব্যাটে মাত্র চার ওভারেই স্কোরবোর্ডে ওঠে ৪৪ রান। ডি কককে ফিরিয়ে দেন সাইম আইয়ুব, তবে ততক্ষণে ছন্দে চলে এসেছে প্রোটিয়া ব্যাটিং লাইনআপ। হেনড্রিকস এক প্রান্ত আগলে খেলতে থাকেন ধৈর্য নিয়ে। টি-টোয়েন্টি অভিষেকে ঝড়ো ব্যাটিংয়ে বিপজ্জনক হয়ে উঠছিলেন টনি ডি জর্জি। ইনিংসের সপ্তম ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর তখন ১ উইকেটে ৮৯। অষ্টম ওভারে নাওয়াজের বলে স্টাম্পড হয়ে ফেরেন ডি জর্জি, ৫ চার ও এক ছক্কায় করেন ৩৩ রান।
পাওয়ার প্লেতে ১ উইকেটে ৭৪, দশ ওভারে ৩ উইকেটে ১১১ রান তোলার পর একসময় দুইশ ছাড়ানো স্কোরের আভাস দেয় দক্ষিণ আফ্রিকা। তবে শেষ দিকে কিছুটা নিয়ন্ত্রণে ফেরে পাকিস্তান। তবুও রিজা হেনড্রিকসের ৫ চার ও এক ছক্কায় ৪০ বলে ৬০ রান এবং লিন্ডার ২২ বলে ৩৬ রানের ক্যামিও ইনিংসে ১৯৩ রানে পৌঁছে যায় সফরকারীরা। পাকিস্তানের হয়ে ৪ ওভারে ২৬ রানে ৩ উইকেট নেন মোহাম্মদ নাওয়াজ।
রান তাড়ায় নেমে পাকিস্তানের শুরুটা দুঃস্বপ্নের। পঞ্চম ওভারে সাহিবজাদা ফারহানকে (১৯ বলে ২৪) ফিরিয়ে দেন লিজাড উইলিয়ামস। পরের ওভারে কর্বিন বশের বলে কাভারে সহজ ক্যাচ দিয়ে ফেরেন বাবর আজম। রানের খাতা খোলার আগেই বিদায় নিতে হয় তাকে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। অধিনায়ক সালমান আলি আগা, আজাম খান, খুশদিল শাহ; কেউই দাঁড়াতে পারেননি।
সাইম আইয়ুব কিছুটা লড়াই করলেও (২৮ বলে ৩৭) লিন্ডার বলে আউট হয়ে ফিরে যান। শেষ দিকে মোহাম্মদ নাওয়াজের ২০ বলে ৩৬ রানের ইনিংস পরাজয়ের ব্যবধানই কেবল কমাতে পারে। চার ওভারে মাত্র ১৪ রানে ৪ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে সফল বোলার কর্বিন বশ। ব্যাট হাতে ২২ বলে ৩৬ রান এবং বল হাতে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন বাঁহাতি অলরাউন্ডার জর্জ লিন্ডা।
এই জয় দিয়ে নতুন ইতিহাস লিখল দক্ষিণ আফ্রিকা। রাওয়ালপিন্ডিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো আগে ব্যাটিং করা দল হিসেবে জয়ের স্বাদ পেল প্রোটিয়ারা। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার লাহোরে। সেখানে ঘুরে দাঁড়ানোর মিশনে নামবে বাবর আজমের পাকিস্তান।


প্রকাশিত: October 30, 2025 | সময়: 3:13 am | সুমন শেখ