সর্বশেষ সংবাদ :

হোমিও ওষুধের আড়ালে অ্যালকোহল বিক্রি, গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে হোমিওওষুধের আড়ালে শতকরা ৯০ ভাগ অ্যালকোহলযুক্ত মাদক বিক্রির অভিযোগে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেপ্তাররা হলেন রাজশাহীর পবা উপজেলার কয়ড়া এলাকার কোরবান আলী (৪০) ও মোকছেদ (৫৫)। এসময় তাদের কাছ থেকে ১০৮ বোতল অবৈধ অ্যালকোহল, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিএসসি’র একটি অভিযানিক দল জানতে পারে যে রাজশাহী মহানগরীর পবা থানাধীন কয়ড়া এলাকায় কিছু ব্যক্তি নিয়মিতভাবে হোমিওপ্যাথিক ওষুধের নামে শতকরা ৯০ ভাগ অ্যালকোহলযুক্ত অবৈধ মাদক বিক্রি করছে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি গোয়েন্দা দল তাদের গতিবিধি পর্যবেক্ষণ ও অনুসরণ শুরু করে।
পরবর্তীতে রোববার রাত আনুমানিক সাড়ে বারোটার দিকে র‌্যাব-৫ এর সদস্যরা পবা থানার কয়ড়া এলাকায় অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। অেভিযানে ওষুধের বাক্সে লুকানো কার্টুন তল্লাশি করে ১০৮ বোতল অবৈধ অ্যালকোহল (মোট ১০ দশমিক ৮ লিটার), একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন ও একটি সিমকার্ড উদ্ধার করা হয়।
র‌্যাব সূত্রে জানা গেছে, ধৃত আসামিদ্বয় দীর্ঘদিন ধরে হোমিওপ্যাথিক ওষুধ বিক্রির আড়ালে অধিক মুনাফার আশায় এই প্রাণঘাতী অ্যালকোহল রাজশাহী জেলা ও মহানগরীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও যুব সমাজের কাছে বিক্রি করে আসছিল। র‌্যাব জানায়, এ ধরনের অ্যালকোহলযুক্ত মাদক সেবনের কারণে সম্প্রতি রাজশাহীর বিভিন্ন স্থানে প্রাণহানির ঘটনাও ঘটেছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।


প্রকাশিত: October 28, 2025 | সময়: 2:29 am | সুমন শেখ