, , ।
স্পোর্টস ডেস্ক: মুম্বাইয়ের অকাল বৃষ্টি শেষ পর্যন্ত বাংলাদেশ নারী দলকে হার থেকে বাঁচাল। নারী বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে স্পিনের ঘূর্ণিতে বিপর্যয়ে পড়েও এক পয়েন্ট আদায় করে নেয় নিগার সুলতানার দল। যদিও আগেই বিদায় নিশ্চিত হয়ে যাওয়ায় এই পয়েন্ট কোনো কাজে আসবে না।
দুই ঘণ্টা দেরিতে শুরু হওয়া ম্যাচটি প্রথমে কমে দাঁড়ায় ৪৩ ওভারে। পরে বৃষ্টিতে আরও দুই ঘণ্টা খেলা বন্ধ থাকায় সেটি নেমে আসে ২৭ ওভারে। ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ২৭ ওভারে ৯ উইকেটে ১১৯ রান তোলে। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ভারতের লক্ষ্য নির্ধারিত হয় ১২৬ রান। জবাবে ভারত ৮.৪ ওভারে ৫৭ রান তুলতেই ফের নামে বৃষ্টি, আর খেলা শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করা হয়।
ভারতের বাঁহাতি স্পিন আক্রমণে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলতে নামা রাধা যাদব ৩ উইকেট নেন ৩০ রানে, সঙ্গে শ্রী চরনি ২টি উইকেট নেন ২৩ রানে। বাংলাদেশের ইনিংসের শুরুতেই বিপর্যয়। প্রথম ওভারে রেনুকা সিংয়ের ইনসুইং ইয়র্কারে সুমাইয়া আক্তার অফ সাইডে বল মারতে গিয়ে শর্ট থার্ডে ধরা পড়েন। এরপর দীপ্তি শর্মার ঘূর্ণিতে ১০তম ওভারে ফেরেন রুবাইয়া হায়দার।
পরিস্থিতি আরও খারাপ হয় বৃষ্টির কারণে দীর্ঘ বিরতিতে। মাঠ ভেজা থাকায় ব্যাটারদের নিয়ন্ত্রণে সমস্যা হয়। চার ওভার পর রাধা যাদবের সরাসরি থ্রোতে রান আউটে কাটা পড়েন অধিনায়ক নিগার সুলতানা। বাংলাদেশের ইনিংসের একমাত্র উজ্জ্বল নাম সোবহানা মোস্তারি। তিনি ২১ বলে ২৬ রান করে কিছুটা লড়াইয়ের আভাস দেন। তার ব্যাটে আসে দলের সর্বোচ্চ ৩৮ রানের জুটি, কিন্তু আক্রমণাত্মক হতে গিয়ে তিনিও রাধা যাদবের বলে ধরা পড়েন।
এরপর পতনের ধারা রোখা যায়নি-বাংলাদেশ ৯১/৩ থেকে গড়িয়ে পড়ে ১১৭/৯-এ। শেষ দিকে স্বর্ণা আক্তার ও নাহিদা আক্তার দুজনেই বোল্ড হন। ফিল্ডিংয়ের সময় ভারতের ওপেনার প্রাতিকা রাওয়াল হাঁটু ও গোড়ালিতে চোট পান এবং পরবর্তীতে ব্যাট করতে নামতে পারেননি। তার অনুপস্থিতিতে আমানজোত কৌর ইনিংস শুরু করেন স্মৃতি মান্ধানার সঙ্গে। দুজনই শুরুটা ভালো করলেও (মান্ধানা ২৩*, কৌর ৭*) বৃষ্টিই থামিয়ে দেয় তাদের অগ্রযাত্রা। ম্যাচ পরিত্যক্ত ঘোষণা হওয়ায় দুই দলই পায় এক পয়েন্ট করে। এই ড্রয়ে বাংলাদেশ নেট রানরেটে পাকিস্তানকে টপকে সপ্তম স্থানে উঠে আসে। দুই দলেরই পয়েন্ট ৩ করে।