, , ।
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: ঢালিউডের প্রয়াত জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির পর তাদের পালিয়ে যাওয়া রোধে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা।
রোববার সকাল থেকেই হিলি চেকপোস্ট এলাকায় দেখা যায় সংশ্লিষ্ট প্রশাসনের বাড়তি তৎপরতা ও বিশেষ নজরদারি ব্যবস্থা। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম।
তিনি বলেন, ঢালিউডের নায়ক সালমান শাহ হত্যা মামলায় যেসব আসামির নাম এসেছে, তারা যেন হিলি ইমিগ্রেশন ব্যবহার করে ভারতে পালিয়ে যেতে না পারে, সে জন্য কঠোর সতর্কতা জারি করা হয়েছে। শনিবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পাওয়ার পর থেকেই আমরা বিষয়টি অতি গুরুত্বের সঙ্গে দেখছি। আসামিদের কোনো ভাবেই দেশত্যাগ করতে দেওয়া হবে না।
তিনি আরও জানান, ইমিগ্রেশন দিয়ে যারা ভারতে যাচ্ছেন, তাদের পাসপোর্টে নাম, ছবি ও ঠিকানা বিস্তারিত ভাবে যাচাই করা হচ্ছে। সবকিছু মিলিয়ে নিশ্চিত হওয়ার পরই গমনের অনুমতি দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, দীর্ঘ ২৯ বছর পর জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় আদালত তার সাবেক স্ত্রী সহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা পরিচালনার নির্দেশ দিয়েছেন। এই নির্দেশনার পর রমনা থানায় মামলা দায়ের করা হয়েছে, যেখানে ১১ জনকে এজাহারভুক্ত এবং অজ্ঞাত আরও কয়েক জনকে আসামি করা হয়েছে।
মামলার আসামিরা যেন দেশত্যাগ করতে না পারেন, সেজন্য তাদের নাম ও তথ্য সকল ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে এবং দেশের সব স্থলবন্দর ও বিমান বন্দরে বাড়ানো হয়েছে নজরদারি।
প্রসঙ্গত, অত্যন্ত জনপ্রিয় নায়ক সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকায় রহস্যজনক ভাবে মৃত্যুবরণ করেন। প্রথমে এটি আত্মহত্যা হিসেবে গণ্য হলেও পরবর্তীতে তার পরিবার ও ভক্তরা হত্যার অভিযোগ তোলেন। তার জনপ্রিয়তা এতোবেশি ছিল যে, তাঁর মৃত্যুকে মেনে নিতে না পেরে ওই সময়ে বেশ কয়েকজন ভক্ত আত্মহত্যা করেন।