সর্বশেষ সংবাদ :

হিলি সীমান্তে ভারতে প্রবেশের সময় তৃতীয় লিঙ্গের সোহানা আটক

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: দিনাজপুরের হিলি সীমান্ত পথে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় সোহানা (২৬) নামের এক তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) হিলি ক্যাম্পের সদস্যরা। বুধবার রাতে হাকিমপুর উপজেলার হিলি সীমান্তের উত্তর বাসুদেবপুর এলাকা থেকে বিজিবি সদস্যরা তাকে আটক করে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিজিবি সূত্রে জানা যায়, আটক সোহানা গাজীপুর জেলার জয়দেবপুর উপজেলা সদরের মিজান মিয়ার মেয়ে। দালালের মাধ্যমে সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশের উদ্দেশ্যে সে হিলি রেলওয়ে স্টেশন এলাকায় আসে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।
হিলি সিপি বিওপির টহল কমান্ডার সুবেদার আব্দুস সাত্তার বলেন, আমার নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টহলদল সীমান্তের মেইন পিলার ২৮৫/৩-এস থেকে প্রায় ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর বাসুদেবপুর এলাকায় অভিযান চালিয়ে সোহানাকে আটক করি।
তিনি আরও জানান, এ সময় আটক ব্যক্তির কাছ থেকে একটি মোবাইল ফোন, একটি এক হাজার টাকার নোট, দুটি পাঁচশ টাকার নোট, দুটি ভারতীয় পাঁচশ টাকার নোট এবং একটি মোবাইল চার্জার জব্দ করা হয়। পরবর্তীতে আটক সোহানাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে হাকিমপুর থানায় হস্তান্তর করা হয় এবং এ ঘটনায় থানায় একটি মামলা রুজু করা হয়েছে।


প্রকাশিত: October 25, 2025 | সময়: 3:35 am | সুমন শেখ

আরও খবর